প্রকাশিত: ১৪:৪৯, ২৪ অক্টোবর ২০২৬
গাজীপুর প্রতিনিধি || রাইজিংবিডি.কম
আগুন লাগার পর কারখানার ভেতর থেকে কালো ধোঁয়ার কুণ্ডলী বের হতে দেখা যায়
গাজীপুরের কাশিমপুরে সুপ্রিম গার্মেন্টসের কার্টন কারখানায় লাগা আগুন নিয়ন্ত্রণে এসেছে। ফায়ার সার্ভিসের ৯টি ইউনিটের প্রায় তিন ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।
শনিবার (২৪ অক্টোবর) সকাল সাড়ে ১০টার দিকে কাশিমপুর থানাধীন শৈলান এলাকায় অবস্থিত কারখানায় আগুনের সূত্রপাত হয়। দুপুর দেড়টার কিছু পরে আগুন নিয়ন্ত্রণে আসে।
কাশিমপুর ফায়ার সার্ভিসের কর্মকর্তা আরিফুল ইসলাম জানান, কাশিমপুর মিনি ফায়ার সার্ভিস স্টেশন থেকে প্রথমে দুটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। আগুনের তীব্রতা বাড়লে সারাবো ফায়ার সার্ভিস স্টেশন থেকে আরো তিনটি ইউনিট, কালিয়াকৈর থেকে একটি ইউনিট এবং আশপাশের স্টেশন থেকে আরো তিনটি ইউনিট যোগ দেয়। মোট ৯টি ইউনিট প্রায় তিন ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।
তিনি জানান, কারখানার ভেতরে প্রচুর পরিমাণে খালি কার্টন থাকায় আগুনের তীব্রতা বেড়ে যায়। কী কারণে আগুনের সূত্রপাত হয়েছে, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি।
গাজীপুর ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক সাইদুল আলম চৌধুরী জানান, এখন পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।
