আজকাল ওয়েবডেস্ক: উত্তর কলকাতার চোরবাগানের পদপিষ্ট হয়ে ১৯ জনের মৃত্যু ও বহু মানুষ আহতের ঘটনায় কলকাতা পুলিশ ও রাজ্য প্রশাসন বড় শিক্ষা নিয়েছে। নবান্নের নির্দেশে কলকাতায় পুজোর সামলানোর দায়িত্ব পালনে নিয়োগ হয়েছেন নয় জন আইপিএস পুলিশ আধিকারিক। এই ন’জন আইপিএস আধিকারিকদের ওপর দায়িত্ব রয়েছে শহর কলকাতা পুজোয় কিভাবে ভিড়, পরিবহন থেকে শুরু করে সমস্তটা নিয়ন্ত্রণ করা যায়। ভিড় নিয়ন্ত্রণে পুলিশি তৎপরতা চোখে পড়ার মতো। একই সঙ্গে দুর্গাপুজো মণ্ডপগুলিতে নজর কাড়ল সোলার লাঠি। এই সোলার লাঠি দিয়ে চলছে শহর কলকাতার একাধিক জায়গায় পুজোর নিয়ন্ত্রণের কাজ। যার মধ্যে বেশি করে নজর কেড়েছে দক্ষিণ কলকাতার ত্রিধারা অকালবোধনের পুজো প্যান্ডেলে। বিষয়টি মজার হলেও দুর্গাপূজো দেখতে আসা ও পরিবহন ব্যবস্থা নিয়ন্ত্রণের জন্য এই সোলার লাঠি যথেষ্টই উপযোগী বলে মনে করছেন পুজোর দায়িত থাকা কর্মকর্তারা এবং কর্মরত পুলিশ প্রশাসন।
এই বিষয়ে প্রশ্ন করা হলে এক পুলিশ আধিকারিক জানিয়েছেন, এই সোলার লাঠি ব্যবহারের মূল উদ্দেশ্য, দূর থেকে দেখলে একটি লাঠি মনে হলেও কারও গায়ে জোরে আঘাত লাগবে না। কিন্তু এই লাঠি দেখিয়ে মানুষকে নিয়ন্ত্রণে আনাও অনেক বেশি সুবিধা হচ্ছে। দুর্গাপুজো দেখতে আসা মানুষের ভিড় এবং ট্রাফিক নিয়ন্ত্রণে এই সোলার লাঠি যথেষ্টই উপযোগী এবং নিয়ন্ত্রণে সাহায্য করেছেন ওই আধিকারিক।

তাদেরকে পুনরায় নবান্নের নির্দেশে কলকাতায় পুজো নিয়ন্ত্রণের দায়িত্বে ফিরিয়ে আনা হয়েছে। কলকাতা শহরের দক্ষিণভাগে বড় পুজোগুলির মধ্যে চেতলা অগ্রণী এবং সুরুচি সংঘের পুজো-সহ আশেপাশে সমস্ত পুজোর নিয়ন্ত্রণের দায়িত্বে রয়েছেন মিরাজ খালিদ। তাঁর সঙ্গে সহকারি দায়িত্বে রয়েছেন এসপি প্রিয়ব্রত রায়। এছাড়াও রয়েছেন ডিসি সাউথ আইপিএস রাহুল দে, ডিসি ওয়ারলেস শুভ্রেন্দু কুমার এবং একাধিক স্থানীয় পুলিশ অফিসার ও কর্মীরা। আইজি মিরাজ খালিদ নিজে পুজো প্যান্ডেল ঘুরে ঘুরে পরিদর্শন ও নজরদারি করে চলেছেন। প্রতিটি পুজো প্যান্ডেল নিজে ঘুরে প্রতিমুহূর্তে নজরদারি চালাচ্ছেন, যাতে কোনও রকম অস্বাভাবিক ঘটনা না ঘটে কিংবা পরিবহনের কোন সমস্যা না হয় এবং ভিড় নিয়েও যাতে কোনরকম বিশৃঙ্খলার তৈরি না হয়, সমস্তটার দিকেই কড়া নজর রাখছেন তিনি নিজে।

অন্যদিকে, ডিআইজি এসটিএফ আইপিএস রূপেশ কুমার দক্ষিণ কলকাতার বড় পুজো গুলির মধ্যে ত্রিধারা ও দেশপ্রিয় পার্কের পুজোর সহ তার আশেপাশের পুজোগুলির প্রতি মুহূর্তের ভিড় সামলানো এবং পরিবহন ব্যবস্থার নজরদারি চালিয়ে যাচ্ছেন প্রতিনিয়ত। তাঁর সঙ্গে দায়িত্বে রয়েছেন কলকাতা পুলিশের ট্রাফিক বিভাগের যুগ্ম নগরপাল ভোলানাথ পান্ডে-সহ একাধিক আধিকারিকরা। ডিআইজি ট্রাফিক শুভঙ্কর ভট্টাচার্য দক্ষিণ কলকাতার বড় পুজো গুলির মধ্যে একডালিয়া এভারগ্রিন, সিংহী পার্ক সহ তার আশেপাশের একাধিক পুজো গুলির দায়িত্বে রয়েছেন। সিআইডি এসপি দীপক সরকার কলকাতার উত্তরভাগের জগত মুখার্জি পার্ক কুমারটুলি সহ এলাকার সমস্ত পুজোগুলির দায়িত্বে রয়েছেন। তাঁরা প্রত্যেকে নিজেরা ময়দানে নেমে প্রতিটি পুজো প্যান্ডেল ঘুরে প্রতি মুহূর্তে নজরদারি চালাচ্ছেন শান্তিপূর্ণ ভাবে পুজো পরিচালনা করা যায়। যাতে কোনও অপ্রীতিকর ঘটনা না ঘটে।
