সাইফুল ইসলাম, শালিখা (মাগুরা) প্রতিনিধি:মাগুরার শালিখা উপজেলায় মাদকবিরোধী ও ওয়ারেন্টভুক্ত আসামি গ্রেপ্তারে বিশেষ অভিযান চালানোর সময় ছুরিকাঘাতে রাকিবুল নামে পুলিশের এক সহকারী উপপরিদর্শক (এএসআই) আহত হয়েছেন। এ ঘটনায় অপু নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় তাঁর কাছ থেকে ৫০ গ্রাম গাঁজা ও ২০ পিস ইয়াবা উদ্ধার করা হয়েছে। মঙ্গলবার (১৩ অক্টোবর) রাত ৮টার দিকে উপজেলার হরিশপুর এলাকার সাহেদ ইটভাটার কাছে এ ঘটনা ঘটে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, ওই এলাকায় মাদকবিরোধী অভিযান পরিচালনার সময় পুলিশের ওপর হামলার ঘটনা ঘটে। এতে ছুরিকাঘাতে এএসআই রাকিবুল আহত হন। পরে ঘটনায় জড়িত থাকার অভিযোগে অপু নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার অপু উপজেলার হোগলাডাঙ্গা গ্রামের জালাল উদ্দিনের ছেলে। তিনি একই গ্রামের সুলতানের ভাগনে বলে জানা গেছে। শালিখা থানা অফিসার ইনচার্জ (ওসি) মো. আশিকুর রহমান জানান, মাদকবিরোধী অভিযান ও ওয়ারেন্টভুক্ত আসামি গ্রেপ্তারের লক্ষ্যে পরিচালিত বিশেষ অভিযানের সময় পুলিশের এএসআই রাকিবুল ছুরিকাঘাতে আহত হন। এ সময় ৫০ গ্রাম গাঁজা ও ২০ পিস ইয়াবাসহ অপু নামে এক আসামিকে গ্রেপ্তার করা হয়। ওসি আরও জানান, অপুর বিরুদ্ধে দেশের বিভিন্ন এলাকায় চুরি, ছিনতাই ও সন্ত্রাসী কর্মকাণ্ডের অভিযোগে পাঁচটি মামলা রয়েছে। এ ঘটনায় পলাতক অপর দুই আসামিকে গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে। এ ঘটনায় গ্রেপ্তার ব্যক্তির বিরুদ্ধে মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।

