আজকাল ওয়েবডেস্ক: স্কুলের মধ্যে একের পর এক ছাত্রীকে শ্লীলতাহানির অভিযোগ উঠল সরকারি স্কুলের এক শিক্ষকের বিরুদ্ধে। এমনকী স্কুলের ক্লাসরুমে এক ছাত্রীকে ধর্ষণের অভিযোগ উঠেছে তাঁর বিরুদ্ধে। থানায় অভিযোগ দায়ের হতেই তড়িঘড়ি সেই শিক্ষককে গ্রেপ্তার করল পুলিশ।
সর্বভারতীয় সংবাদমাধ্যম সূত্রে জানা গিয়েছে, ঘটনাটি ঘটেছে গুজরাটে। পুলিশ জানিয়েছে, আম্রেলি জেলার এক সরকারি স্কুলের শিক্ষককে গ্রেপ্তার করা হয়েছে। চারজন স্কুল ছাত্রীকে শ্লীলতাহানির অভিযোগ উঠেছিল ওই শিক্ষকের বিরুদ্ধে। যাদের মধ্যে একজনকে ধর্ষণের অভিযোগ রয়েছে তাঁর বিরুদ্ধে।
শনিবার এক পুলিশ আধিকারিক জানিয়েছেন, জাফরাবাদ টাউন থানায় ওই শিক্ষকের বিরুদ্ধে পকসো ধারায় মামলা রুজু করা হয়েছে। ওই জেলায় 'মিশন স্মাইল' উদ্যোগ নিয়েছিল পুলিশের তরফে। সেই উদ্যোগেই স্কুলের মধ্যেই ছাত্রীদের 'গুড টাচ ও ব্যাড টাচ' নিয়ে সতর্ক করছিল সেই সময়েই। সেই সময়েই একের পর এক ছাত্রী ওই শিক্ষকের বিরুদ্ধে অভিযোগ তোলে।
ছাত্রীদের অভিযোগের ভিত্তিতে পুলিশ জানিয়েছে, ওই শিক্ষক লাগাতার শ্লীলতাহানি করতেন। এমনকী ধর্ষণের ঘটনাটি সম্প্রতি পরিবারকেও জানিয়েছে ওই ছাত্রী। এরপরই শিক্ষকের বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের করা হয়।
ছাত্রীরা আরও জানিয়েছে, প্রায়শই ওই শিক্ষক স্টাফ রুমের ডাকতেন। চা, বিস্কুট খাওয়ানোর লোভ দেখিয়ে কাছে টেনেই শ্লীলতাহানি করতেন। এমনকী ফাঁকা ক্লাসরুমেও যৌন হেনস্থা করতেন ওই শিক্ষক। মাসের পর মাস যা টের পাননি কেউ। ইতিমধ্যেই ওই শিক্ষককে গ্রেপ্তার করা হয়েছে। বর্তমানে পুলিশি হেফাজতে রয়েছেন ওই শিক্ষক।
