চট্টগ্রাম মহানগর পূজা উদযাপন পরিষদের সভাপতি অধ্যাপক অর্পণ কান্তি ব্যানার্জি প্রধানমন্ত্রী তারেক রহমানের কাছে সনাতন ধর্মাবলম্বীদের বিভিন্ন দাবি তুলে ধরেছেন। এসব দাবির মধ্যে রয়েছে চন্দ্রনাথ ধাম জাতীয়করণ, মেধসমনি আশ্রমের উন্নয়ন, হিন্দু কল্যাণ ট্রাস্টকে হিন্দু ফাউন্ডেশনে রূপান্তর এবং হিন্দু সুরক্ষা বোর্ড গঠন। এ ছাড়া ২০২৪ সালের ৫ আগস্ট-পরবর্তী সময়ে বিভিন্ন ঘটনায় দায়ের করা মিথ্যা মামলায় কারাগারে থাকা ও পালিয়ে বেড়ানো ব্যক্তিদের সুষ্ঠু বিচারের মাধ্যমে মুক্তির দাবিও জানান তিনি।
মঙ্গলবার (২০ অক্টোবর) সন্ধ্যায় চট্টগ্রামের জেএম সেন হল পূজামণ্ডপ পরিদর্শন ও সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে মতবিনিময় অনুষ্ঠানে এসব দাবি তুলে ধরেন অধ্যাপক অর্পণ কান্তি ব্যানার্জি।
অনুষ্ঠানে তিনি বলেন, ‘আমাদের একটি নির্দিষ্ট দলের লোক বলা হতো। ১২ ফেব্রুয়ারি আমরা প্রমাণ করেছি, আমরা কোনো নির্দিষ্ট দলের নই। যারা আমাদের সহযোগিতা, সহমর্মিতা করবে এবং আমাদের দাবি রক্ষা করবে, আমরা তাদের পাশেই থাকব।’
তিনি আরও বলেন, গত নির্বাচনে এই এলাকার প্রতিটি কেন্দ্রে হিন্দু ধর্মাবলম্বীরা উপস্থিত হয়ে ভোট দিয়েছেন। অনেকেই তাঁদের ভারতীয় বলে আখ্যায়িত করেন উল্লেখ করে তিনি বলেন, ‘আমরা এই দেশের। আমরা সমতার ভিত্তিতে এ দেশেই থাকতে চাই।’
এর আগে শারদীয় দুর্গোৎসব উপলক্ষে মঙ্গলবার সন্ধ্যা ৭টা ৪০ মিনিটে চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। পরে তিনি সরাসরি জেএম সেন হল পূজামণ্ডপে যান। রাত ৮টা ১৫ মিনিটে সেখানে পৌঁছালে মন্দির কর্তৃপক্ষ ও সনাতন ধর্মাবলম্বীদের প্রতিনিধিরা তাঁকে স্বাগত জানান।
এ সময় প্রধানমন্ত্রীর সঙ্গে উপস্থিত ছিলেন অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী, স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমেদ, পানিসম্পদমন্ত্রী মো. শহীদউদ্দীন চৌধুরী এ্যানি, সংস্কৃতিমন্ত্রী নিতাই রায় চৌধুরী, পার্বত্য চট্টগ্রামবিষয়ক মন্ত্রী সাচিং প্রু, বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব ও প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা অ্যাডভোকেট রুহুল কবির রিজভী, বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়, স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলম, ভূমি ও পার্বত্যবিষয়ক প্রতিমন্ত্রী মীর মোহাম্মদ হেলাল উদ্দীন, প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী বিজন কান্তি সরকার, বিএনপির বিশেষ সম্পাদক বেলায়েত হোসেন মৃধা, চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র ডা. শাহাদাত হোসেন, প্রধানমন্ত্রীর প্রেস সচিব সালেহ শিবলী ও অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমানসহ চট্টগ্রামের বিভিন্ন সংসদীয় আসনের সংসদ সদস্যরা।
The post প্রধানমন্ত্রীর কাছে যা চাইলেন পূজা উদযাপন পরিষদের নেতা appeared first on সুপ্রভাত বাংলাদেশ.
