উত্তরাঞ্চলের সবচেয়ে বড় চিকিৎসাকেন্দ্র রংপুর মেডিকেল কলেজ হাসপাতাল। এক হাজার শয্যার এই হাসপাতালে প্রতিদিন ভর্তি হচ্ছে আড়াই হাজারের বেশি রোগী। শয্যা না রোগীদের জায়গা হচ্ছে বারান্দায়, মেঝেতে। অতিরিক্ত রোগীর চাপে চিকিৎসাসেবা ব্যাহত হবার পাশাপাশি বাড়ছে ময়লা-আবর্জনা ও পানির সংকট। চিকিৎসকের পাশাপাশি অবকাঠামোগত নানা সংকটে দুর্ভোগ পোহাতে হচ্ছে রোগী ও স্বজনদের।
উত্তরবঙ্গের মানুষের চিকিৎসার প্রধান ভরসা রংপুর মেডিকেল কলেজ হাসপাতাল। ১ হাজার শয্যার এই হাসপাতালে পাশ্ববর্তী আট জেলা থেকে প্রতিদিন আসছে আড়াই হাজারের বেশি রোগী। শয্যা না পেয়ে রোগী ও স্বজনদের জায়গা হচ্ছে হাসপাতালের নোংরা মেঝে, বারান্দা কিংবা চলাচলের পথে।
রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল আশিকুর রহমান বলেন, ‘এক হাজার শয্যার এই হাসপাতালে ১২০০ চিকিৎসকের বিপরিতে বর্তমানে চলছে মাত্র ৪৫০ জন চিকিৎসক দিয়ে। তবে নির্মাণাধীন ১৫ তলা ভবন চালু হলে ভোগান্তি কিছুটা কমবে।’
রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের সহকারী পরিচালক ডা. কানিজ সাবিহা বলেন, ‘গত পাঁচ বছর তুলনায় রোগীর চাপ বেড়েছে প্রায় দেড় গুণ। ফলে রোগী-স্বজন মিলিয়ে প্রতিদিন প্রায় ১২ হাজার মানুষের চাপ পড়ছে হাসপাতালটিতে।’
দ্রুত শয্যা ও জনবল বাড়ানোর পাশাপাশি হাসপাতালের সার্বিক পরিবেশ, পানি ও স্যানিটেশন ব্যবস্থার উন্নয়ন চান ভুক্তভোগীরা।
