শারদীয় দুর্গোৎসবের মহানবমীতে ঢাকার বাইরের পূজামণ্ডপ দেখতে বের হয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
মঙ্গলবার (২০ অক্টোবর) সকাল ৯টায় ঢাকার তেজগাঁও বিমানবন্দর থেকে একটি সামরিক বিমানে রংপুরের উদ্দেশে যাত্রা করেন তিনি।
সকাল ১০টায় সৈয়দপুর বিমানবন্দরে পৌঁছানোর কথা রয়েছে তার। বেলা ১১টায় রংপুরের রাধা গোবিন্দ মন্দিরে পূজামণ্ডপ পরিদর্শন করবেন প্রধানমন্ত্রী। এ সময় পূণ্যার্থীদের সাথে শুভেচ্ছা বিনিময় করবেন তিনি।
রংপুরে পূজামণ্ডপ পরিদর্শন শেষে রাজশাহী ও চট্টগ্রামে পূজামণ্ডপ পরিদর্শনে যাবেন তারেক রহমান। তিন মহানগরে পূজামণ্ডপ দেখে রাতে ঢাকা ফিরবেন তিনি।
প্রধানমন্ত্রীর সঙ্গে রয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়, নারী ও শিশু বিষয়ক মন্ত্রী অধ্যাপক এজেডএম জাহিদ হোসেন, বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী, সংস্কৃতি মন্ত্রী নিতাই রায় চৌধুরী, স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলম, প্রধানমন্ত্রীর উপদেষ্টা রেহান আসিফ আসাদ, প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী বিজন কান্তি সরকার, বিএনপির বিশেষ সম্পাদক বেলায়েত হোসেন মৃধা, হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাষ্টের সহসভাপতি সংসদ সদস্য নিপুল রায় চৌধুরী, বিএনপির সহকারী সাংগঠনিক সম্পাদক জয়ন্ত কুমার কুণ্ড, প্রধানমন্ত্রীর প্রেস সচিব সালেহ শিবলী ও অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন প্রমুখ।
প্রধানমন্ত্রীর কর্মসূচি: সকাল ৯টায় তেজগাঁও বিমানবন্দরের থেকে নীলফামারী সৈয়দপুর বিমানবন্দরের উদ্দেশে যাত্রা, ১০টায় সৈয়দপুর বিমানবন্দর থেকে রংপুর রাধা গোবিন্দ মন্দিরে ধর্মসভা পূজামণ্ডপ পরিদর্শন, দুপুর সাড়ে ১২টায় সৈয়দপুর বিমানবন্দর থেকে রাজশাহীর শাহ মখদুম বিমানবন্দরের উদ্দেশে যাত্রা, দুপুর ১টা ১৫ মিনিটে শাহ মখদুম বিমানবন্দর থেকে রাজশাহীর ধর্মসভা মন্দির পূজামণ্ডপ পরিদর্শন, দুপুর ২টা ১৫ মিনিটে রাজশাহী সার্কিট হাউজে যাত্রা বিরতি, বেলা ৩টায় রাজশাহীর হাজী মুহাম্মদ মুহসীন সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে জনসভায় যোগদান, বিকেল ৪টা ১৫মিনিটে শাহ মখদুম বিমানবন্দর থেকে চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরের উদ্দেশে যাত্রা, বিকেল সাড়ে ৫টায় চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দর থেকে জেএম সেন হল রহমতগঞ্জ পূজামণ্ডপ পরিদর্শন, সন্ধ্যা ৬টা ৪৫ মিনিটে চট্টগ্রাম সার্কিট হাউজে যাত্রা বিরতি, রাত ৭টা ৪৫ মিনিটে শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ঢাকার উদ্দেশে যাত্রা এবং ৯টা ১৫ মিনিটে তেজগাঁও বিমানবন্দরের অবতরণ।
