ত্রিদেশীয় সিরিজে পরপর দুই ম্যাচে বাজে হার। আফগানিস্তান ও জিম্বাবুয়েকে ফাইনালে রেখে বাড়ি ফিরছে বাংলাদেশ। আফগানদের কাছে গতকাল ৭ উইকেটে হারের পর ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে হাজির হন বাংলাদেশ দলের ভারপ্রাপ্ত অধিনায়ক তাওহীদ হৃদয়। এরপরই দলের ব্যাটারদের ব্যর্থতার কথা জানান তিনি।
হৃদয় বলছিলেন, ‘আমার যেটা মনে হয়েছে… কোন কোন জায়গা বলতে চাচ্ছি না। তবে খুব ক্লিয়ার একটা জায়গা– আমরা ব্যাটাররা দুটো ম্যাচেই বাজে ব্যাটিং করেছি। যে কারণে পুরো দল সাফার করেছে।’
আরও পড়ুন
বারবার ব্যাটিংয়ে ব্যর্থতার পর বাংলাদেশের পাইপলাইনে উপযুক্ত খেলোয়াড় আছে দাবি করে হৃদয় জানান, ‘একটা জায়গা নিয়ে বলতে চাচ্ছি না। ব্যাটিং ইউনিট পুরোটা একসঙ্গে ফেইল করেছে। পাইপলাইনে অবশ্যই যথেষ্ট খেলোয়াড় আছে। অ্যাওয়ে সিরিজে ভালো করতে পারছি না। হোমে যে খেলা হচ্ছে, বেশ কিছু সিরিজ বেশ ভালোভাবে জিতেছি। ব্যাটিং ইউনিট হিসেবে কিছু জায়গায় উন্নতি করতে হবে। বাইরের কন্ডিশনে খেলা হলে কিছু এরিয়া আছে যেখানে উন্নতি প্রয়োজন।’
আফগানিস্তানের কাছে শেষ ৫ ম্যাচের সবকটিতে এবং জিম্বাবুয়ের কাছে ৪ ম্যাচে ৩ ম্যাচ হার। তবুও অজুহাত খুঁজে নিলেন হৃদয়, ‘এই দল নিয়েই বড় বড় দলকে হারিয়েছি। অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড, পাকিস্তান– সব হোমে ছিল। এক-দুই ম্যাচ দিয়ে বলতে চাই না দলের কী হলো। দল ভালো অবস্থায়ই আছে। কিছু জায়গা চোখের সামনে, সবাই দেখতে পাচ্ছে– ব্যাটিং ইউনিট। বাইরে খেললে খুব বাজে ব্যাটিং করছি। যে কারণে পুরো দল সংগ্রাম করছে। দেশে প্রত্যেক ম্যাচেই ব্যাটাররা ভালো করেছে।’
স্কিলে নয়, মাইন্ডসেটে সমস্যা বলেও জানালেন এই ডানহাতি ব্যাটার, ‘সমস্যা মাইন্ডসেটে। এখানে উন্নতির দরকার আছে। প্রফেশনাল প্লেয়ার হিসেবে বাইরের কন্ডিশনে মানিয়ে নেওয়া জরুরি। অ্যাওয়েতে বেশিরভাগ ম্যাচই আমরা হেরেছি। এখানে কাজ করতে হবে।’
এসএইচ/এএইচএস
