শরীয়তপুরের ডামুড্যা উপজেলার শিধলকুড়া ইউনিয়নে দীর্ঘদিনের বিভাজন দূর করে স্থানীয় বাসিন্দাদের মধ্যে ঐক্য ও সম্প্রীতি প্রতিষ্ঠার উদ্যোগ নিয়েছেন জাতীয় সংসদের হুইপ মিয়া নুরুদ্দিন আহাম্মেদ অপু। একটি ছোট খালকে কেন্দ্র করে ইউনিয়নের এপার ও ওপারের মানুষের মধ্যে তৈরি হওয়া বিভেদ নিরসনে তিনি সবাইকে একসঙ্গে চলার আহ্বান জানিয়েছেন।
শনিবার (১৭ অক্টোবর) উপজেলার শিধলকুড়া উচ্চ বিদ্যালয়ে স্থানীয় জনগণের সঙ্গে মতবিনিময় সভার মাধ্যমে সমস্যাটির সমাধানে উদ্যোগ নেন তিনি।
হুইপ অপু বলেন, শিধলকুড়া একটি ঐতিহ্যবাহী ইউনিয়ন। একসময় এখানকার পরিবারগুলোর মধ্যে তেমন কোনো সমস্যা ছিল না। কিন্তু একটি ছোট খালকে কেন্দ্র করে পাড়ার এপার ও ওপারের মানুষের মধ্যে বিভাজন তৈরি হওয়ায় তিনি ব্যথিত হয়েছেন।
তিনি বলেন, ‘আমি চাই না, আমার পরিবারের মধ্যে একটা খাল নিয়ে বিভাজন তৈরি হোক। আমাদের মধ্যে অনৈক্য বা মতপার্থক্য থাকুক, তাও আমি চাই না।’
মতবিনিময় সভায় স্থানীয় মুরুব্বি, সাবেক চেয়ারম্যান ও বর্তমান চেয়ারম্যানসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
একসঙ্গে তাদের উপস্থিতিকে ইতিবাচক উল্লেখ করে হুইপ অপু বলেন, দীর্ঘদিন পর সবাই একটি সুন্দর অনুষ্ঠানের মাধ্যমে একত্র হয়েছেন। পরস্পরের সঙ্গে হাত মিলিয়ে ও বুকে বুক মিলিয়ে বিভাজন দূর করার উদ্যোগ নিয়েছেন তারা।
হুইপ অপু বলেন, ‘আজ থেকে আমাদের মধ্যে কোনো বিভাজন থাকবে না।’
পরে এলাকাবাসীর মধ্যে পারস্পরিক সম্প্রীতি, সহযোগিতা ও ভ্রাতৃত্বের বন্ধন অটুট রাখার ওপর গুরুত্বারোপ করেন হুইপ অপু। একটি খালকে কেন্দ্র করে যেন মানুষের মধ্যে দূরত্ব তৈরি না হয়, সে বিষয়ে সবাইকে সচেতন থাকার আহ্বানও জানান তিনি।
