দিনাজপুরের ঘোড়াঘাটে ১৯৮ পিস ইয়াবাসহ জাকিরুল ইসলাম নামের এক ইউপি সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ। বৃহস্পতিবার (১৫ অক্টোবর) রাত ৯টার দিকে উপজেলার বুলাকীপুর ইউনিয়নের কুলানন্দনপুর বাজার এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
জাকিরুল ইসলাম (৩৯) বুলাকীপুর ইউনিয়ন পরিষদের ৫ নম্বর ওয়ার্ডের সদস্য। তিনি কুলানন্দনপুর এলাকার বাসিন্দা।
পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার রাতে কুলানন্দনপুর বাজারে অভিযান চালানো হয়। ঘোড়াঘাট থানার উপপরিদর্শক (এসআই) রাজা মিয়ার নেতৃত্বে পুলিশের একটি দল সেখানে পৌঁছালে কয়েকজন পালানোর চেষ্টা করেন। এ সময় জাকিরুল ইসলামকে আটক করা হয়। তার সঙ্গে থাকা অজ্ঞাতপরিচয় দুই থেকে তিনজন পালিয়ে যান।
পরে জাকিরুল ইসলামের পরিহিত লুঙ্গির ডান কোচ তল্লাশি করে একটি সাদা জিপার পলিব্যাগে রাখা ১৯৮ পিস ইয়াবা উদ্ধার করা হয়। পুলিশের দাবি, স্থানীয় লোকজনের উপস্থিতিতে জিজ্ঞাসাবাদে তিনি ইয়াবাগুলো বিক্রি জন্য নিজের কাছে রাখার কথা স্বীকার করেন।
ঘোড়াঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহমুদ হাসান জানান, এ ঘটনায় জাকিরুল ইসলামসহ আরও দুই থেকে তিনজনকে আসামি করে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে। গ্রেপ্তার জাকিরুল ইসলামকে শুক্রবার (১৬ অক্টোবর) আদালতে পাঠানো হবে।
