নওগাঁর বদলগাছী উপজেলায় পরিবার বিয়েতে রাজি না হওয়ায় সিফাত হোসেন (১৫) নামের এক কিশোর গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে। সোমবার (১২ অক্টোবর) সকালে উপজেলার লক্ষ্মীপুর গ্রাম থেকে তাঁর ঝুলন্ত মরদেহ উদ্ধার করে পুলিশ।
নিহত সিফাত ওই গ্রামের মো. আসাদুল ইসলামের ছেলে।
স্থানীয় সূত্রে জানা যায়, সিফাত বাবা-মায়ের সঙ্গে ঢাকায় থাকত এবং সেখানে একটি হোটেলে কাজ করত। ঢাকায় থাকাকালে তালাকপ্রাপ্ত এক নারীর সঙ্গে তার প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। পরবর্তীতে সিফাত ওই নারীকে বিয়ে করার ইচ্ছা প্রকাশ করে। কিন্তু বয়স কম হওয়া এবং পাত্রী তালাকপ্রাপ্ত হওয়ায় সিফাতের পরিবার এ বিয়েতে আপত্তি জানায়। এতে বাধ্য হয়ে প্রায় সাত দিন আগে তাকে ঢাকা থেকে গ্রামের বাড়িতে পাঠিয়ে দেওয়া হয়।
প্রথমে সিফাত তার নানির বাড়িতে ছিল। তিন দিন আগে সে নিজ বাড়িতে ফিরে আসে। গত রোববার রাতে চাচার বাড়িতে রাতের খাবার খেয়ে নিজ শয়নকক্ষে ঘুমাতে যায় সে।
সোমবার সকাল সাড়ে ৮টার দিকে সিফাতের চাচি সুজি বেগম তাকে নাশতা খাওয়ার জন্য ডাকাডাকি করেন। ভেতর থেকে কোনো সাড়াশব্দ না পেয়ে তিনি ঘরের দেয়ালের ফাঁক দিয়ে ভেতরে সিফাতকে ঝুলন্ত অবস্থায় দেখতে পান। তাঁর চিৎকারে পরিবারের অন্য সদস্যরা এসে দরজা ভেঙে ঘরে প্রবেশ করেন।
খবর পেয়ে বদলগাছী থানা-পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে যায়।
বদলগাছী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাবিবুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, “পরিবারের সদস্যরা বিয়েতে রাজি না হওয়ায় সিফাত অভিমান করে আত্মহত্যা করে থাকতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। মরদেহ ময়নাতদন্তের জন্য নওগাঁ জেলা সদর হাসপাতাল মর্গে পাঠানোর প্রক্রিয়া চলছে। তদন্ত প্রতিবেদন পেলে মৃত্যুর সঠিক কারণ নিশ্চিত হওয়া যাবে।”
আজকালের খবর/কাওছার আল হাবীব
