চ্যাটজিটি ব্যবহারকারীদের জন্য জন্য সুবিধা চালু করেছে ওপেনএআই। ব্যক্তিগত ও সংবেদনশীল কথোপকথন সুরক্ষিত রাখতে ‘লকড চ্যাটস’ নামের নতুন এই সুবিধার মাধ্যমে চ্যাটজিপিটি ব্যবহারকারীরা নির্দিষ্ট কথোপকথন লক করে রাখতে পারবেন।
বুধবার (২১ অক্টোবর) নতুন এই সুবিধার ঘোষণা দেওয়া হয়। এর আওতায় লক করা চ্যাট সাধারণ চ্যাট হিস্ট্রি, পিন করা চ্যাট এবং সার্চের ফলাফলে দেখা যাবে না। এসব কথোপকথন পাওয়া যাবে ‘প্রজেক্টস’ মেনুর অধীনে থাকা ‘লকড চ্যাটস’ অপশনে।
চ্যাটজিপিটিতে কোনো কথোপকথন লক করতে সংশ্লিষ্ট চ্যাটের পাশের থ্রি-ডট (•••) মেনুতে গিয়ে লক করার অপশন নির্বাচন করতে হবে। এরপর লক করা চ্যাট দেখতে চার অঙ্কের পিন নম্বর দিতে হবে।
ওয়েব ও ডেস্কটপ সংস্করণে পিন ব্যবহার করে এসব চ্যাট খোলা যাবে। অন্যদিকে, সমর্থিত অ্যান্ড্রয়েড ও আইওএস ডিভাইসে ফেস আইডি, টাচ আইডি বা অন্যান্য বায়োমেট্রিক পদ্ধতিতেও প্রবেশ করা যাবে।
ওপেনএআই জানিয়েছে, ‘লকড চ্যাটস’ এন্ড-টু-এন্ড এনক্রিপশনের বিকল্প নয়। এটি মূলত একই ডিভাইস ব্যবহারকারী অন্য ব্যক্তিদের কাছ থেকে ব্যক্তিগত কথোপকথন আড়াল রাখার জন্য অতিরিক্ত সুরক্ষাব্যবস্থা।
এই সুবিধা চালু হলেও ব্যবহারকারীদের তথ্য সংরক্ষণ কিংবা এআই মডেলের মান উন্নয়নে তথ্য ব্যবহারের বিদ্যমান নীতিতে কোনো পরিবর্তন আসবে না।
নতুন সুবিধাটির একটি গুরুত্বপূর্ণ দিক হলো, লক করা চ্যাটে নতুন করে দেওয়া তথ্য চ্যাটজিপিটির সাধারণ ‘মেমোরি’ বা স্মৃতিতে যুক্ত হবে না। তবে চ্যাটটি লক করার আগের কথোপকথন থেকে চ্যাটজিপিটি তথ্য মনে রাখতে পারবে।
এ ছাড়া ব্যবহারকারী পিন নম্বর ভুলে গেলে সেটি রিসেট করার ক্ষেত্রে বিশেষ সতর্কতা প্রয়োজন। কারণ, পিন রিসেট করলে আগে লক করে রাখা সব চ্যাট স্থায়ীভাবে মুছে যাবে বলে জানানো হয়েছে।
চ্যাটজিপিটির ফ্রি, গো, প্লাস, প্রো, বিজনেস, এন্টারপ্রাইজ ও এডু প্ল্যানের ব্যবহারকারীদের জন্য পর্যায়ক্রমে সুবিধাটি চালু করা হচ্ছে। ম্যাকওএস ও উইন্ডোজ ডেস্কটপ অ্যাপেও এটি ব্যবহারের সুযোগ থাকবে।
তবে সাময়িক চ্যাট, আর্কাইভ করা চ্যাট, গ্রুপ চ্যাট এবং শেয়ার করা লিংকের মাধ্যমে তৈরি কথোপকথন লক করা যাবে না। এন্টারপ্রাইজ ও এডু প্ল্যানের ক্ষেত্রে সুবিধাটি সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের নীতিমালার ওপর নির্ভর করবে।
ব্যক্তিগত কথোপকথন অন্যদের কাছ থেকে আড়াল রাখার ক্ষেত্রে নতুন সুবিধাটি কাজে আসতে পারে। তবে এটি পূর্ণাঙ্গ এনক্রিপশন নয় এবং অ্যাকাউন্টের তথ্য ব্যবহারের নীতিও পরিবর্তন করে না—ব্যবহারকারীদের বিষয়টি মাথায় রাখা জরুরি।
