Published on
:
2 min read
পুজোর দিনগুলিতে বন্ধ থাকছে শান্তিনিকেতনের সোনাঝুরি হাট৷ ভিড় সামাল দিতে ও আইন-শৃঙ্খলা রক্ষায় ষষ্ঠী থেকে দশমী (১৬ অক্টোবর থেকে ২১ অক্টোবর) পর্যন্ত ছ’দিন হাট বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে প্রশাসন। ইতিমধ্যেই হাটের ব্যবসায়ীদের এ কথা জানিয়ে দেওয়া হয়েছে।
পুজোর ছ’দিন বন্ধ সোনাঝুরি হাট
বোলপুর শান্তিনিকেতনে সোনাঝুরির হাটের কথা সকলেই জানেন। সেই হাট যেখানে বসে, সেই জঙ্গলেরই এক ধারে ‘দুর্গাবাড়ি’তে হয় দুর্গাপুজো। বল্লভপুরে বনেরপুকুর ডাঙায় শিল্পী বাঁধন দাসের বাড়িতে ২০০১ সালে এই পুজোর সূচনা হয়েছিল। সোনাঝুরির জঙ্গলের মাঝে পুজো, বুনোফুলের গন্ধ, সকাল সন্ধে মাদলের দ্রিমি দ্রিমি বোল— দেবী আবাহনের এ এক অন্য ছবি।
এক নজরে
১৬ অক্টোবর থেকে ২১ অক্টোবর পর্যন্ত হাট বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
বৃহস্পতিবার থেকে আবার স্বাভাবিকভাবে হাট বসবে বলে জানিয়েছে হাট কমিটি।
দুর্গাবাড়ির পুজো ও সাংস্কৃতিক অনুষ্ঠান ঘিরে প্রচুর মানুষের সমাগম হয়।
পুজোর চার দিন ধরে আয়োজিত হয় আদিবাসী নৃত্য এবং স্থানীয় সংস্কৃতির নানা অনুষ্ঠান।
হাট বন্ধ থাকাকালীন জঙ্গল পরিষ্কার করা হবে। স্থানীয় আদিবাসীরা সাইকেল ও গাড়ির স্ট্যান্ড করে আয়ের সুযোগও পাবেন।
বহু মানুষ আসেন এই পুজো দেখতে। পুজোর চার দিন আদিবাসী নৃত্য ও স্থানীয় সংস্কৃতির বিভিন্ন অনুষ্ঠান হয়। বোলপুর শান্তিনিকেতনে এ যেন এক মহোৎসব। সেই সময়ে যদি এই হাট খোলা থাকে, তা হলে এত বড় আয়োজন সামাল দিতে সমস্যা হবে। সেই কারণেই প্রতি বছর পুজোর দিনগুলোতে বন্ধ থাকে এই হাট। এ বারও তার অন্যথা হচ্ছে না।
সোনাঝুরি হাট কমিটির তরফে সুকেশ চক্রবর্তী বলেন, ‘দীর্ঘদিন ধরে এখানে একটা পুজো হয়, যেখানে বোলপুর শান্তিনিকেতন-সহ বাইরের পর্যটকরাও আসেন। স্বাভাবিক ভাবেই প্রচুর ভিড় হয়। তাই হাট বন্ধ রাখা হচ্ছে। পুজোর কয়েকদিন স্থানীয় আদিবাসীরা এখানে সাইকেল এবং গাড়ির স্ট্যান্ড করেন। তাঁদেরও কিছু টাকা উপার্জন হয়। এ ছাড়াও এই সময়ে জঙ্গল পরিষ্কার পরিচ্ছন্ন করা হয়। তাই ১৬ তারিখ থেকে ২১ তারিখ পর্যন্ত বন্ধ থাকবে এই হাট। ২২ তারিখ অর্থাৎ বৃহস্পতিবার আবার খুলে যাবে।’
FAQ
পুজোর সময়ে কবে থেকে বন্ধ থাকবে সোনাঝুরি হাট?
দুর্গাপুজোর ভিড় সামলানো এবং আইন-শৃঙ্খলা বজায় রাখতে ১৬ অক্টোবর থেকে ২১ অক্টোবর পর্যন্ত টানা ছ’দিন বন্ধ থাকবে বোলপুর-শান্তিনিকেতনের জনপ্রিয় সোনাঝুরি হাট।
সোনাঝুরি হাট আবার কবে খুলবে?
হাট কমিটির তরফে জানানো হয়েছে, ২২ অক্টোবর, বৃহস্পতিবার থেকে ফের খুলবে সোনাঝুরি হাট। ফলে পুজোর ছ’দিন এই হাটে কেনাকাটা করতে পারবেন না পর্যটকরা।
পুজোর সময় সোনাঝুরি হাট বন্ধ রাখার সিদ্ধান্ত কেন?
সোনাঝুরির জঙ্গলে অবস্থিত দুর্গাবাড়িতে দুর্গাপুজো উপলক্ষে প্রচুর মানুষের সমাগম হয়। আদিবাসী নৃত্য ও স্থানীয় সংস্কৃতির বিভিন্ন অনুষ্ঠান দেখতে ভিড় করেন পর্যটকরা। সেই ভিড় সামলানো, নিরাপত্তা বজায় রাখা এবং জঙ্গল পরিষ্কার রাখার জন্যই হাট বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।