ডাসারে পরকীয়ার প্রতিবাদ করায় পুতুল সমাদ্দার (৫২) নামে এক গৃহবধূকে শ্বাসরোধে হত্যার এক দিন পর মামলার প্রধান আসামি স্বামী অরুণ সমাদ্দারকে (৫৫) গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল শুক্রবার ভাঙ্গা সেতু এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত অরুণ ধামুসা গ্রামের জিতেন সমাদ্দারের ছেলে। নিহতের পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়, অরুণের সঙ্গে একই গ্রামের সারথী দে নামে এক গৃহবধূর দীর্ঘদিন ধরে পরকীয়া চলছিল। এ নিয়ে স্বামী-স্ত্রীর মধ্যে প্রায়ই ঝগড়া-বিবাদ হতো। স্থানীয়ভাবে একাধিকবার সালিশ বৈঠকেও সমাধান হয়নি। গত বৃহস্পতিবার ভোরে বিষয়টি নিয়ে কথা-কাটাকাটির একপর্যায়ে স্ত্রী পুতুলকে শ্বাসরোধে হত্যার পর পালিয়ে যান পাষা- অরুণ। এ ঘটনায় নিহতের ভাই রতন নাগ বাদী হয়ে অরুণকে প্রধান আসামি করে তিনজনের বিরুদ্ধে থানায় হত্যা মামলা দায়ের করেন। এ বিষয়ে ওসি সোলায়মান মাহমুদ জানান, হত্যা মামলা দায়েরের পর প্রধান আসামি অরুণকে গ্রেপ্তার করা হয়েছে। তাকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়।