মাইকে ঘোষণা দিয়ে ধাওয়া, চুরির অভিযোগে গণপিটুনিতে নিহত ২
রংপুরের গঙ্গাচড়া উপজেলায় অটোরিকশা চুরি করে পালানোর সময় ক্ষুব্ধ জনতার গণপিটুনিতে দুই ব্যক্তির মর্মান্তিক মৃত্যু হয়েছে। আজ রোববার (২৫ অক্টোবর) ভোর সাড়ে ৫টার দিকে উপজেলার বড়বিল...
বাংলাদেশ
প্রতিনিধি :: correspondentরংপুরের গঙ্গাচড়া উপজেলায় অটোরিকশা চুরি করে পালানোর সময় ক্ষুব্ধ জনতার গণপিটুনিতে দুই ব্যক্তির মর্মান্তিক মৃত্যু হয়েছে। আজ রোববার (২৫ অক্টোবর) ভোর সাড়ে ৫টার দিকে উপজেলার বড়বিল ইউনিয়নের উত্তরপানাপুকুর গিরিয়ারপাড় এলাকার একটি বড় সেচ খালের কাছে এ ঘটনা ঘটে।
নিহতরা হলেন, উপজেলার নোহালী ইউনিয়নের বাগডহরা এলাকার রেজাউল ওরফে কানা (৪২) এবং কোলকোন্দ ইউনিয়নের সাদিকুল ইসলাম (৩২)।
স্থানীয় ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, রোববার ভোরে বড়বিল ইউনিয়নের বাগপুর দক্ষিণপাড়া এলাকার বাসিন্দা সিদ্দিকুর রহমান সোহেলের বাড়ির গ্যারেজের তালা কেটে অটোরিকশা চুরির চেষ্টা করে ওই দুই ব্যক্তি। টের পেয়ে সোহেল বাধা দিতে গেলে তাকে টেনেহিঁচড়েই অটোরিকশা নিয়ে পালানোর চেষ্টা করে তারা। পরে সোহেল ছিটকে পড়ে চিৎকার শুরু করলে স্থানীয় মসজিদে ফজরের নামাজ পড়তে আসা মুসল্লিরা ঘটনাটি বুঝতে পারেন। তাৎক্ষণিকভাবে চোর ধরার জন্য মসজিদের মাইকে ঘোষণা দেওয়া হয়।
মাইকের ঘোষণা শুনে আশপাশের লোকজন দ্রুত জড়ো হয়ে বিভিন্ন দিক থেকে তাদের ধাওয়া করেন। অবস্থা বেগতিক দেখে বাড়ি থেকে প্রায় আধা কিলোমিটার দূরে অটোরিকশাটি ফেলে রেখে ধানখেতের মধ্য দিয়ে পালানোর চেষ্টা করে ওই দুই ব্যক্তি। কিন্তু প্রায় এক কিলোমিটার দৌড়ানোর পর উত্তরপানাপুকুর গিরিয়ারপাড় এলাকার সেচ খালের কাছে তাদের চারদিক থেকে ঘিরে ফেলে জনতা। এ সময় উত্তেজিত জনতার উপর্যুপরি পিটুনিতে ঘটনাস্থলেই তাদের মৃত্যু হয়।
খবর পেয়ে সকালে ঘটনাস্থলে পৌঁছায় গঙ্গাচড়া মডেল থানা পুলিশ। থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুস ছবুর জানান, পুলিশ ঘটনাস্থল থেকে রক্তাক্ত মরদেহ দুটি উদ্ধার করেছে। সুরতহাল প্রতিবেদন তৈরির পর মরদেহ দুটি থানায় নেওয়া হয়েছে এবং এ বিষয়ে পরবর্তী আইনি ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।
বাংলাদেশ জার্নাল/ওএফ
