মা ইলিশ সংরক্ষণ কার্যক্রমের অংশ হিসেবে মাদারীপুরের কালকিনিতে আড়িয়াল খাঁ নদে বিশেষ অভিযান চালিয়েছে উপজেলা মৎস্য কর্মকর্তার কার্যালয়। গতকাল রোববার পরিচালিত এ অভিযানে ১ হাজার ৭০০ মিটার অবৈধ কারেন্ট জাল উদ্ধার করে ঘটনাস্থলেই পুড়িয়ে ধ্বংস করা হয়।
উপজেলা মৎস্য কার্যালয় সূত্রে জানা গেছে, মা ইলিশের প্রজনন সুরক্ষা ও নিরাপদ ডিম ছাড়ার পরিবেশ নিশ্চিত করতে উপজেলার দৌলতখা ইউনিয়নের সিডিখান এলাকার মিয়ার হাট থেকে জালিয়র হাট পর্যন্ত আড়িয়াল খাঁ নদের বিভিন্ন পয়েন্টে এ অভিযান চালানো হয়। অভিযানে নেতৃত্ব দেন উপজেলার ভারপ্রাপ্ত মৎস্য কর্মকর্তা প্রণব কুমার।
অভিযানকালে অবৈধভাবে পেতে রাখা ১ হাজার ৭০০ মিটার কারেন্ট জাল জব্দ করা হয় এবং পরে তা জনসম্মুখে পুড়িয়ে ধ্বংস করা হয়।
প্রণব কুমার জানান, ইলিশের বংশবৃদ্ধিতে মা ইলিশ রক্ষা করা অত্যন্ত জরুরি। নদীর জীববৈচিত্র্য ও ইলিশের উৎপাদন বাড়াতে অবৈধ জালের বিরুদ্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
স্থানীয়রা জানান, প্রজনন মৌসুমে অবৈধ জাল ব্যবহার বন্ধে মৎস্য বিভাগের এ ধরনের তৎপরতা বজায় থাকলে অঞ্চলে ইলিশের প্রজনন ও সামগ্রিক উৎপাদন বৃদ্ধিতে তা ইতিবাচক ভূমিকা রাখবে।