তুরস্কের পশ্চিমাঞ্চলে মহাসড়কে একটি পর্যটকবাহী বাসের সঙ্গে ট্রাকের সংঘর্ষে অন্তত ১১ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও ২৭ জন। দুর্ঘটনার পর বাসচালককে আটক করেছে পুলিশ।
রোববার (১১ অক্টোবর) সকালে মানিসা প্রদেশের আকহিসার এলাকায় গেবজে-ওরহানগাজি-ইজমির মহাসড়কের টোল বুথের কাছে এ দুর্ঘটনা ঘটে।
আল জাজিরা ও আনাদোলু এজেন্সির প্রতিবেদন অনুযায়ী, স্থানীয় সময় সকাল ১১টার কিছু পর কর্তৃপক্ষ দুর্ঘটনার খবর পায়। পরে আহতদের উদ্ধার করে স্থানীয় বিভিন্ন হাসপাতালে নেওয়া হয়। আহতদের মধ্যে বাসচালকও রয়েছেন। হাসপাতাল থেকে ছাড়পত্র পাওয়ার পর তাঁকে আটক করে পুলিশ।
দুর্ঘটনাস্থলের ছবিতে দেখা গেছে, সংঘর্ষের পর বাসটি উল্টে গেছে এবং এর পেছনের অংশ দুমড়েমুচড়ে ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়েছে। সড়কের পাশে সারিবদ্ধভাবে মরদেহের ব্যাগও দেখা যায়। কাঠের তক্তা বহনকারী ট্রাকটিও উল্টে গেছে।
তুরস্কের স্বরাষ্ট্রমন্ত্রী মুস্তাফা চিফতচি সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া পোস্টে নিহতদের দেশটির নাগরিক হিসেবে উল্লেখ করেছেন। তবে হতাহতদের মধ্যে কোনো বিদেশি নাগরিক আছেন কি না, তা এখনো নিশ্চিত করেনি কর্তৃপক্ষ।
মানিসা প্রদেশের গভর্নর ভাহদেত্তিন ওজকান দুর্ঘটনাস্থল পরিদর্শন করেছেন। উদ্ধারকর্মীরা ধ্বংসাবশেষ সরিয়ে সড়ক পরিষ্কারের কাজ চালিয়ে যাচ্ছেন।
গভর্নর ওজকান বলেন, সরকারি কৌঁসুলির কার্যালয়ের সমন্বয়ে ঘটনাস্থলে উদ্ধার ও প্রয়োজনীয় কার্যক্রম চলছে। তিনি আরও বলেন, ট্রাফিক আইন কঠোরভাবে মেনে চলা কতটা গুরুত্বপূর্ণ, এই দুর্ঘটনা তা বেদনাদায়কভাবে স্মরণ করিয়ে দিয়েছে। সূত্র: আল জাজিরা ও আনাদোলু এজেন্সি
বিআলো/শিলি