কালবেলা · সাধারণ
পারিবারিক কলহে দুই উপজেলায় দুই ভাইকে হত্যা
১৮/১০/২০২৬

ঝিনাইদহের শৈলকুপা ও সদর উপজেলায় পারিবারিক কলহের জেরে পৃথক দুটি ঘটনায় একই দিনে দুই ভাই নিহত হয়েছেন।
শনিবার (১৭ অক্টোবর) দুপুর ও সন্ধ্যায় পৃথক এ দুটি হত্যাকাণ্ডের ঘটনা ঘটে। নিহতরা হলেন- শৈলকুপা উপজেলার ব্রহ্মপুর গ্রামের মজিবুল ইসলাম (৪৫) এবং সদর উপজেলার বকশিপুর-চাঁদপুর গ্রামের সোহান মন্ডল (২৬)।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, শৈলকুপা উপজেলার ব্রহ্মপুর গ্রামে সুপারি পাড়াকে কেন্দ্র করে বড় ভাই মজিবুল ইসলামের সঙ্গে ছোট ভাই রবিউল ইসলামের বাগ্বিতণ্ডা হয়। একপর্যায়ে রবিউলের লাঠির আঘাতে মজিবুল, তার স্ত্রী ও সন্তান গুরুতর আহত হন। প্রতিবেশীরা তাদের উদ্ধার করে শৈলকুপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়ার পথেই মজিবুল ইসলামের মৃত্যু হয়। এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য ঘাতক রবিউলের স্ত্রীকে আটক করেছে পুলিশ।
অন্যদিকে, ঝিনাইদহ সদর উপজেলার সাগান্না ইউনিয়নের বকশিপুর-চাঁদপুর গ্রামে পারিবারিক বিরোধের জেরে বড় ভাই সুমন মণ্ডলের কোদালের কোপে নিহত হয়েছেন ছোট ভাই সোহান মন্ডল।
নিহতের স্বজনরা জানান, বিকেলে দুই ভাইয়ের স্ত্রীদের মধ্যে ঝগড়ার সূত্র ধরে সুমন ও সোহানের মধ্যে কথা কাটাকাটি হয়। একপর্যায়ে সুমন পাশে থাকা কোদাল দিয়ে সোহানের মাথায় আঘাত করলে তিনি মাটিতে লুটিয়ে পড়েন। পরে হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
ঝিনাইদহ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসাদউজ্জামান বলেন, ‘দুটি ঘটনাই পারিবারিক কলহের জেরে ঘটেছে। নিহতদের মরদেহ ময়নাতদন্তের জন্য সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ঘটনার পর থেকেই অভিযুক্ত দুই ভাই পলাতক থাকায় তাদের আটকে পুলিশের অভিযান চলছে।’
মূল প্রতিবেদনে যান ↗