সম্প্রতি মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করা ইশরাক হোসেনের পদত্যাগপত্র গ্রহণ করেছেন রাষ্ট্রপতি। মঙ্গলবার (২০ অক্টোবর) এ বিষয়ে প্রজ্ঞাপন জারি করেছে মন্ত্রিপরিষদ বিভাগ। এর মধ্য দিয়ে প্রতিমন্ত্রীর পদ থেকে তাঁর পদত্যাগ আনুষ্ঠানিকভাবে কার্যকর হলো।
প্রতিমন্ত্রীর পদত্যাগের ফলে বর্তমানে মন্ত্রিসভার সদস্যসংখ্যা দাঁড়িয়েছে ৫০ জনে। এর মধ্যে প্রধানমন্ত্রীসহ পূর্ণ মন্ত্রী রয়েছেন ২৭ জন এবং প্রতিমন্ত্রী রয়েছেন ২৩ জন।
ঢাকা-৬ আসনের সংসদ সদস্য ইশরাক হোসেন সোমবার (১৯ অক্টোবর) জাতীয় প্রেসক্লাবে আয়োজিত এক সংবাদ সম্মেলনে পদত্যাগের ঘোষণা দেন। পরে ওই দিন সন্ধ্যায় তিনি লিখিত পদত্যাগপত্র জমা দেন। নিয়ম অনুযায়ী, প্রধানমন্ত্রী তারেক রহমানের মাধ্যমে পদত্যাগপত্রটি রাষ্ট্রপতির কাছে পাঠানো হয়। রাষ্ট্রপতি তা গ্রহণ করার পর মঙ্গলবার প্রজ্ঞাপন জারি করা হয়।
এর আগে, গত শনিবার (১৭ অক্টোবর) রাজধানীর গেন্ডারিয়ায় আগ্নেয়াস্ত্র হাতে প্রকাশ্যে মাদকবিরোধী অভিযান চালিয়ে বিতর্কের মুখে পড়েন ইশরাক। অভিযানের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর রাজনৈতিক অঙ্গনসহ বিভিন্ন মহলে আলোচনা-সমালোচনা শুরু হয়।
এ ঘটনার পর রোববার সচিবালয়ে মন্ত্রিসভার বৈঠক শেষে প্রধানমন্ত্রী তারেক রহমান তাঁকে ডেকে পাঠান। সেখানে তাঁকে প্রতিমন্ত্রীর পদ থেকে পদত্যাগের নির্দেশ দেওয়া হয় বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।
পদত্যাগের ঘোষণা দিয়ে সংবাদ সম্মেলনে ইশরাক দাবি করেন, আত্মরক্ষার স্বার্থে তিনি সাময়িকভাবে অস্ত্র হাতে নিয়েছিলেন এবং এ ঘটনায় কোনো আইন লঙ্ঘন করেননি। তবে দলের ভাবমূর্তি ও সম্মান অক্ষুণ্ণ রাখার স্বার্থে পদত্যাগের সিদ্ধান্ত নিয়েছেন বলে জানান তিনি।
প্রতিমন্ত্রীর পদ ছাড়লেও মাদকের বিরুদ্ধে কার্যক্রম অব্যাহত রাখার ঘোষণা দিয়েছেন ইশরাক হোসেন। সাধারণ দলীয় কর্মী হিসেবে মাদকবিরোধী কর্মকাণ্ড চালিয়ে যাওয়ার কথা জানিয়েছেন তিনি।
The post ইশরাকের পদত্যাগপত্র গ্রহণ করেছেন রাষ্ট্রপতি, প্রজ্ঞাপন জারি appeared first on ভোরের চেতনা.
