সৌদি আরবের মক্কায় একটি মসজিদে ‘অনৈতিক কাজ’ করার অপরাধে দোষী সাব্যস্ত হন বাংলাদেশি যুগল। বুধবার নারী, পুরুষ উভয়ের মৃত্যুদণ্ড কার্যকর করা হল। দেশটির স্বরাষ্ট্র মন্ত্রক এক বিবৃতিতে অপরাধীদের ফাঁসি কাঠে ঝোলানোর বিষয়টি নিশ্চিত করেছে।
মৃত্যুদণ্ডপ্রাপ্ত দুই বাংলাদেশি নাগরিক হলেন নজরুল ইসলাম আবদুল বসির এবং সিথি আক্তার। ‘অনৈতিক’ কাজে লিপ্ত থাকার সময় নিরাপত্তা কর্মীরা হাতেনাতে ধরেন তাঁদের। গ্রেপ্তারির পর তদন্ত শেষে তাঁদের বিরুদ্ধে অভিযোগ গঠন করা হয়। এরপর নিম্ন আদালতে বিচার প্রক্রিয়া শুরু হয়। দীর্ঘ শুনানি ও সাক্ষ্যপ্রমাণ বিচার-বিশ্লেষণে অভিযোগের সত্যতা নিশ্চিত হয়। বসির ও সিথিকে দোষী সাব্যস্ত করেন বিচারক। এরপর তাঁদের মৃত্যুদণ্ড দেওয়া হয়। নিম্ন আদালতের এই সিদ্ধান্তের পর উচ্চ আদালতও সাজা বহাল রাখে। সব শেষে সৌদি রাজ পরিবারের তরফে মৃত্যুদণ্ড কার্যকরের চূড়ান্ত নির্দশ দেওয়া হয়। সেই মতোই ফাঁসি কাঠে ঝোলানো হয়েছে দুই বাংলাদেশি নাগরিককে।
এরপর সৌদি আরবের স্বরাষ্ট্র মন্ত্রকের তরফে এক বিবৃতিতে বলা হয়, যারা পবিত্র মসজিদের মর্যাদা লঙ্ঘন করবে কিংবা এই জাতীয় অনৈতিক ও গর্হিত কাজে লিপ্ত হবে, তাদের বিরুদ্ধে কঠোর ইসলামি আইন প্রয়োগ করতে দৃঢ়প্রতিজ্ঞ সৌদি সরকার। আরও বলা হয়েছে, ভবিষ্যতে যদি কেউ এ ধরনের জঘন্য ও নিন্দনীয় অপরাধে জড়ানোর ধৃষ্টতা দেখান, তবে তাঁকেও ভয়াবহ ও কঠোর আইনি পরিণতির মুখোমুখি হতে হবে।
