সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া দেবী দুর্গার আদলে তৈরি নিজের একটি ছবি নিয়ে প্রতিক্রিয়া জানিয়ে ধর্মের নামে বিভাজন ও ঘৃণা ছড়ানোর সমালোচনা করেছেন ব্রাহ্মণবাড়িয়া-২ আসনের সংসদ সদস্য ব্যারিস্টার রুমিন ফারহানা। এ প্রসঙ্গে সামাজিক বিভিন্ন অপরাধ ও অনৈতিক কর্মকাণ্ডের উদাহরণ তুলে ধরে ফেসবুকে ২২টি বক্তব্য দিয়েছেন তিনি।
বৃহস্পতিবার (২২ অক্টোবর) নিজের ভেরিফায়েড ফেসবুক আইডিতে দেওয়া এক পোস্টে রুমিন ফারহানা লিখেছেন, ‘নিচের ছবিটি কেউ একজন তৈরি করে ফেসবুকে ছড়িয়ে দিয়েছে বিভাজন আর ঘৃণা উস্কে দিতে।’
এরপর যারা ঘৃণার চর্চাকে ধর্ম মনে করেন, তাঁদের উদ্দেশে তিনি ধর্ষণ, শিশু নির্যাতন, ঘুষ, হত্যা, নারীর প্রতি সহিংসতা, প্রতারণা, মিথ্যাচার ও অন্যের সম্পদ লুটের মতো বিভিন্ন অপরাধের প্রসঙ্গ তুলে ধরেন।
পোস্টে তিনি বোনের সম্পত্তির ন্যায্য হিস্যা থেকে বঞ্চিত করা, বৃদ্ধ বাবা-মাকে অবহেলা, অন্যের অধিকার হরণ, ওজনে কম দেওয়া, খাদ্যে ভেজাল মেশানো এবং দুর্বলের ওপর অত্যাচারের মতো বিষয়ও উল্লেখ করেন। পাশাপাশি ধর্মকে ব্যবসা হিসেবে ব্যবহার করা এবং অন্যায় আড়াল করার হাতিয়ার হিসেবে ধর্মকে ব্যবহারের সমালোচনা করেন তিনি।
এসব বক্তব্যের একপর্যায়ে রুমিন ফারহানা লেখেন, ‘দুষ্টের লালন পালনে ধর্ম মজবুত হয়।’ পোস্টের শেষাংশে তাঁর মন্তব্য, ‘ধর্ম যায় কেবল অন্য ধর্মের প্রতি শ্রদ্ধাশীল হলে।’
একই পোস্টে নিজের মুখমণ্ডল ব্যবহার করে দেবী দুর্গার আদলে তৈরি ছবিটি শেয়ার করে ছবির হাতের সংখ্যা নিয়েও মন্তব্য করেন তিনি। এ বিষয়ে রুমিন ফারহানা লেখেন, ‘মা দুর্গা দশভুজা, আটভুজা না। যাই হোক মূর্খের সমাজ, কি আর করা।’
পোস্টটি ঘিরে সামাজিক যোগাযোগমাধ্যমে আলোচনা-সমালোচনা তৈরি হয়েছে। ধর্মীয় সহনশীলতা, সাম্প্রদায়িক সম্প্রীতি এবং ধর্মীয় অনুভূতির প্রতি শ্রদ্ধার বিষয়গুলো নতুন করে আলোচনায় এসেছে।
The post দেবী দুর্গার আদলে ছবি ছড়িয়ে দেওয়ার অভিযোগ, রুমিন ফারহানার ২২ বচন appeared first on The voice of Brahmanbaria || Local news means the world is.
