জনস্বাস্থ্য সুরক্ষা, ভোক্তা অধিকার সংরক্ষণ ও রাজস্ব ফাঁকি প্রতিরোধে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ১১টি পৃথক অভিযান চালিয়েছে জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) আওতাধীন ঢাকা কাস্টমস হাউস। গত ১১ থেকে ১৭ অক্টোবর পর্যন্ত এসব অভিযানে প্রায় ৯৮ লাখ ৬১ হাজার টাকার স্বর্ণ, মদ, সিগারেট, ই-সিগারেট, নিষিদ্ধ ত্বক ফর্সাকারী ক্রিম, মুঠোফোন, ওষুধসহ বিভিন্ন পণ্য জব্দ করা হয়।
রোববার (১৮ অক্টোবর) এনবিআরের জনসংযোগ কর্মকর্তা মো. আল আমিন এসব তথ্য নিশ্চিত করেন।
ঢাকা কাস্টমস হাউসের তথ্য অনুযায়ী, এসব অভিযানে ৫৮৯ লিটার বিদেশি মদ, দুই হাজার ৯২৩ কার্টন সিগারেট, ৩৫০টি ই-সিগারেট, ২৮৬ কেজি আমদানি নিষিদ্ধ ত্বক ফর্সাকারী ক্রিম, ৯২টি মুঠোফোনসহ ৩১৫ কেজি ওষুধ জব্দ করা হয়। এ ছাড়া স্বর্ণবার ও স্বর্ণালংকারসহ বাণিজ্যিক বিভিন্ন পণ্য জব্দ করা হয়েছে।
অন্যদিকে যাত্রীদের ব্যাগেজ সুবিধার আওতার বাইরে থাকা বাণিজ্যিক পণ্য থেকে এক কোটি ১৮ লাখ ৬১ হাজার ২৫৬ টাকা শুল্ক-কর আদায় করেছে কাস্টমস কর্তৃপক্ষ।
সংশ্লিষ্ট কর্তৃপক্ষের এসব অভিযান জনস্বাস্থ্য সুরক্ষা, অবৈধ পণ্য আমদানি নিয়ন্ত্রণ, ভোক্তা অধিকার রক্ষা ও সরকারের রাজস্ব আহরণ নিশ্চিত করার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। বিমানবন্দর দিয়ে চোরাচালান ও শুল্ক ফাঁকি প্রতিরোধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।