প্রতিনিধি, গোয়াইঘাট · ১৩ অক্টোবর, ২০২৬ ২:১১ অপরাহ্ন
সিলেটের গোয়াইনঘাটে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস-২০২৬ উদ্যাপন করা হয়েছে। দিবসটি উপলক্ষে আলোচনা সভা ও মহড়ার আয়োজন করা হয়।
আজ মঙ্গলবার (১৩ অক্টোবর) সকাল ১১টায় উপজেলা প্রশাসনের সম্মেলনকক্ষে এ আলোচনা সভা হয়। উপজেলা প্রশাসন ও দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগ যৌথভাবে এর আয়োজন করে। এতে সহযোগিতা করে কেয়ার বাংলাদেশ, আর সার্বিক বাস্তবায়নে ছিল বেসরকারি সংস্থা ইএসডিও।
উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা বাঁধন কান্তির সঞ্চালনায় সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রতন কুমার অধিকারী।
সভায় বক্তারা বলেন, দুর্যোগের ক্ষয়ক্ষতি কমাতে আগাম প্রস্তুতির বিকল্প নেই। এ জন্য জনসচেতনতা বাড়ানোর পাশাপাশি দুর্যোগের সময় সবাইকে সমন্বিতভাবে কাজ করতে হবে।
আলোচনায় আরও বক্তব্য দেন উপজেলা সমাজসেবা কর্মকর্তা মো. নুরুল হক, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. সারওয়ার আহমদ, গোয়াইনঘাট উপজেলা রিপোর্টার্স ক্লাবের সভাপতি সাদিকুর রহমান, ফায়ার সার্ভিসের প্রতিনিধি ফরিদ উদ্দিন, পশ্চিম আলীরগাঁও ইউনিয়ন পরিষদের সদস্য মাসুক আহমদ ও লেঙ্গুড়া ইউনিয়ন পরিষদের সদস্য সাহেদ আহমদ।
এ সময় লেঙ্গুড়া ও রুস্তমপুর ইউনিয়নের স্বেচ্ছাসেবক, প্রকল্পের ফিল্ড ফ্যাসিলিটেটর এবং ইএসডিওর পক্ষে প্রীতি রানী সরকার ও মাসুদ রানা এবং কেয়ার বাংলাদেশের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
আলোচনা সভা শেষে উপজেলা প্রশাসনিক ভবনের সামনে দুর্যোগ মোকাবিলায় করণীয় বিষয়ে একটি মহড়া প্রদর্শন করা হয়।
গুগলে আমাদের খবর পেতে
