ব্যাপক টিকাদান কর্মসূচি চলার পরও দেশে হামের পরিস্থিতি নিয়ন্ত্রণে আসেনি। গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও সাত শিশুর মৃত্যু হয়েছে। এ নিয়ে চলতি বছরে হামের উপসর্গ নিয়ে মৃত শিশুর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১ হাজার ২১৪ জনে। এর মধ্যে পরীক্ষায় নিশ্চিতভাবে হামে আক্রান্ত হয়ে মারা গেছে ১০৪ শিশু।
শুক্রবার (২৩ অক্টোবর) স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত হেলথ বুলেটিনে এ তথ্য জানানো হয়েছে।
বুলেটিনের তথ্য অনুযায়ী, বৃহস্পতিবার সকাল ৮টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় সিলেট বিভাগেই হামের উপসর্গ নিয়ে তিন শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে দেশের বিভিন্ন হাসপাতালে হাম ও এর উপসর্গ নিয়ে নতুন করে ভর্তি হয়েছে ১ হাজার ১৩৫ জন রোগী।
স্বাস্থ্য অধিদপ্তরের বিভাগভিত্তিক পরিসংখ্যান অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় ঢাকা বিভাগে হাম ও এর উপসর্গ নিয়ে সর্বোচ্চ ৫৫৮ জন হাসপাতালে ভর্তি হয়েছে। এ ছাড়া চট্টগ্রামে ১৯৪ জন, বরিশালে ১১৫ জন, সিলেটে ৯৪ জন, ময়মনসিংহে ৬৫ জন, খুলনায় ৬০ জন, রংপুরে ২৪ জন এবং রাজশাহী বিভাগে ২০ জন হাসপাতালে ভর্তি হয়েছে।
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, গত ১৫ মার্চ থেকে ২৩ অক্টোবর পর্যন্ত দেশের বিভিন্ন হাসপাতালে হামের উপসর্গ নিয়ে মোট ১ লাখ ৯৪ হাজার ৬৩৩ জন রোগী ভর্তি হয়েছে। তাদের মধ্যে চিকিৎসা শেষে হাসপাতাল ছেড়েছে ১ লাখ ৮৬ হাজার ৭৯৮ জন।
একই সময়ে দেশে সন্দেহজনক হামের রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ২ লাখ ১৮ হাজার ৮৭০ জনে। এদের মধ্যে পরীক্ষায় নিশ্চিতভাবে হামে আক্রান্ত হয়েছে ২৩ হাজার ২৭৩ জন।
হামের সংক্রমণ ও মৃত্যুর এই পরিসংখ্যান শিশুদের স্বাস্থ্যঝুঁকি নিয়ে উদ্বেগ বাড়াচ্ছে। পরিস্থিতি মোকাবিলায় টিকাদান কর্মসূচির পাশাপাশি আক্রান্ত শিশুদের দ্রুত শনাক্তকরণ ও যথাযথ চিকিৎসা নিশ্চিত করা জরুরি।
The post হামের উপসর্গ নিয়ে প্রাণ গেল আরও ৭ শিশুর appeared first on ভোরের চেতনা.
