সিরাজগঞ্জের রায়গঞ্জে ছেলের মৃত্যুর শোক সইতে না পেরে মারা গেছেন মা। ছেলের মরদেহ বাড়ি থেকে কবরস্থানে নেওয়ার পরপরই মৃত্যু হয় মায়ের। এরপর একই কবরস্থানে দেওয়া হয় দাফন।
মঙ্গলবার (১৩ অক্টোবর) দুপুরে ঘটনাটি ঘটেছে উপজেলার সলঙ্গা থানার ধুবিল ইউনিয়নের বেতুয়া গ্রামে। মা ও ছেলের এমন আকস্মিক মৃত্যুতে স্বজন, প্রতিবেশী ও এলাকাবাসীর মধ্যে শোক নেমে এসেছে।
স্থানীয় সূত্রে জানা যায়, মঙ্গলবার সকাল ৮টার দিকে বেতুয়া গ্রামের মৃত আব্দুল হামিদ সরকারের দ্বিতীয় ছেলে সাইফুল সরকার (৫৯) মারা যান। তার মৃত্যুর পর পরিবারের সদস্য ও স্বজনরা শোকে ভেঙে পড়েন। পরে দুপুর ১টার দিকে সাইফুলের মরদেহ বাড়ি থেকে স্থানীয় কবরস্থানে নিয়ে যাওয়া হয়।
এরপর দুপুর সোয়া ১টার দিকে তার মা তারা বানু (৭৭) মারা যান। ছেলের মৃত্যুর শোকেই মায়ের মৃত্যু হয়েছে বলে পরিবারের সদস্য ও স্থানীয়দের ধারণা। এক ঘণ্টার ব্যবধানে মা ও ছেলের মৃত্যুতে পরিবারটিতে শোকের মাতম শুরু হয়।
ধুবিল ইউনিয়ন পরিষদের ৪ নম্বর ওয়ার্ডের সদস্য সানোয়ার হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, বেতুয়া দক্ষিণপাড়া কবরস্থানে মা ও ছেলেকে পাশাপাশি দাফন করা হয়েছে।
