আজকাল ওয়েবডেস্ক: লখনউ সুপার জায়ান্টসের স্পিন বোলিং কোচ হওয়ার আগ্রহ প্রকাশ করলেন প্রাক্তন ভারতীয় ক্রিকেটার লক্ষ্মণ শিবরামকৃষ্ণন। ফ্র্যাঞ্চাইজির মালিক সঞ্জীব গোয়েঙ্কার কাছে সরাসরি প্রস্তাব দিয়েছেন তিনি। সমাজমাধ্যমে নিজের দক্ষতার ওপর আস্থার কথা জানিয়ে শিবরামকৃষ্ণন বলেছেন, সুযোগ পেলে তিনি ফল এনে দিতে পারবেন। এক্স-এ গোয়েঙ্কাকে ট্যাগ করে শিবরামকৃষ্ণন লেখেন, 'আমি প্রাক্তন ভারতীয় ক্রিকেটার লক্ষ্মণ শিবরামকৃষ্ণন। আপনার যদি স্পিন বোলিং কোচের প্রয়োজন হয়, আমাকে জানাবেন। আমার বিশ্বাস, আমি ফল এনে দিতে পারব।'
শুধু কোচ হওয়ার আগ্রহ প্রকাশ করেই থামেননি তিনি। টি-২০ ক্রিকেটে স্পিনারদের ম্যাচ উইনার হিসেবে গড়ে তোলার লক্ষ্যও জানিয়েছেন শিবরামকৃষ্ণন। তিনি বলেন, 'আমি দেখাতে চাই, টি-২০ তেও স্পিনাররা ম্যাচ জেতাতে পারে।' বর্তমানে এলএসজির স্পিন বোলিং কোচ কার্ল ক্রো। প্রাক্তন ইংলিশ প্রথম শ্রেণির ক্রিকেটার ক্রো কলকাতা নাইট রাইডার্স ছেড়ে ২০২৬ সালের আইপিএলের আগে লখনউ শিবিরে যোগ দেন।
এদিকে চলতি আইপিএলের ট্রেড উইন্ডোতে বড়সড় রদবদল করেছে এলএসজি। দিল্লি ক্যাপিটালস থেকে ভারতীয় স্পিনার কুলদীপ যাদবকে দলে নিয়েছে। বিনিময়ে অধিনায়ক ঋষভ পন্থকে দিল্লিতে ফিরতে দিয়েছে লখনউ। ২০২৭ আইপিএলের জন্য পন্থকে ১৫ কোটি টাকায় দলে নিয়েছে দিল্লি। আর কুলদীপের জন্য এলএসজিকে দিতে হবে ১৩.৫ কোটি টাকা। দিল্লির হয়ে পাঁচ মরশুম দুর্দান্ত পারফর্ম করেছেন কুলদীপ। ৬৫ ম্যাচে তাঁর ঝুলিতে রয়েছে ৭২ উইকেট। আইপিএলে দলের অন্যতম সফল বোলার হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করেছেন বাঁ হাতি চায়নাম্যান। অন্যদিকে, ২০২৬ সালের নিলামে ২৭ কোটি টাকায় পন্থকে দলে নিয়েছিল এলএসজি। আইপিএলের ইতিহাসে সেটিই ছিল সর্বোচ্চ দর। এক মরশুম পরই অবশ্য পন্থকে ছেড়ে দিয়েছে লখনউ।
