হাসপাতালের ‘একটি সূত্রের’ বরাতে আনন্দবাজার পত্রিকা ১৭ জনের মৃত্যুর কথা লিখেছে, যাদের মধ্যে তিনজন পুরুষ, একটি শিশু ও ১৩ জন নারী রয়েছে।”
Published : 17 Oct 2026, 10:56 PM
Updated : 17 Oct 2026, 11:12 PM
ভারতের কলকাতায় দুর্গাপূজার একটি মণ্ডপে বেশ কয়েকজন পদদলিত হয়েছেন।
এতে ‘কয়েকজনের মৃত্যুর শঙ্কার’ কথা বলেছে ভারতীয় সংবাদমাধ্যম।
এনডিটিভির খবরে বলা হয়েছে, শনিবার উত্তর কলকাতার চোরবাগান মণ্ডপে এ ঘটনা ঘটে। আহতদের হাসপাতালে নেওয়া হয়েছে।
ঘটনার পর পরিস্থিতি দেখতে কলকাতা মেডিকেল কলেজ হাসপাতালে যান পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী ও রাজ্যের মুখ্যসচিব মনোজ আগরওয়াল।
পশ্চিমবঙ্গের সাবেক মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এ ঘটনায় শোক প্রকাশ করেছেন। সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে তিনি আহতদের দ্রুত সুস্থতা কামনা করেন। পাশাপাশি আহতদের পরিবারের সদস্যদের এই কঠিন সময়ে সাহস ও শক্তি দেওয়ার জন্য দেবী দুর্গার কাছে প্রার্থনা করেন।
আহতদের সংখ্যা ও ঘটনার কারণ সম্পর্কে বিস্তারিত তথ্য তাৎক্ষণিকভাবে জানা যায়নি।
আনন্দবাজার পত্রিকা লিখেছে, ঘটনার সময় বৃষ্টি হচ্ছিল। এ বৃষ্টির কারণেই মণ্ডপের ভেতরে পদপিষ্ট হওয়ার মতো পরিস্থিতি তৈরি হয়।
সংবাদমাধ্যমটি লিখেছে, “হাসপাতালের একটি সূত্র বলছে ১৭ জনের মৃত্যু হয়েছে। তবে সরকারের তরফে এ বিষয়ে কিছু জানানো হয়নি।
“মেডিক্যাল কলেজের একটি সূত্র বলছে, মৃত ১৭ জনের মধ্যে তিন জন পুরুষ, এক জন শিশু এবং ১৩ জন নারী।”
