গণমাধ্যমের পেশাদার সাংবাদিক বশির হোসেন বাবুকে মামলা দিয়ে জেল খাটানোর হুমকি দেওয়ার ঘটনায় গভীর উদ্বেগ, তীব্র ক্ষোভ ও কড়া প্রতিবাদ জানিয়েছে বাংলাদেশ সাংবাদিক জোট (বাসাজ)।
আজ শনিবার (২৪ অক্টোবর) এক বিবৃতিতে বাংলাদেশ সাংবাদিক জোট (বাসাজ)-এর কেন্দ্রীয় সভাপতি রুফায়দাহ পন্নী ও সাধারণ সম্পাদক এসএম সামসুল হুদা বলেন, জনস্বার্থে প্রকাশিত সংবাদের জেরে কোনো সাংবাদিককে ভয়ভীতি প্রদর্শন, মামলা বা জেলে পাঠানোর হুমকি দেওয়া স্বাধীন সাংবাদিকতা ও গণতান্ত্রিক মূল্যবোধের ওপর এক নগ্ন আঘাত।
নেতৃবৃন্দ বলেন, সাংবাদিক বশির হোসেন বাবুর অভিযোগ অনুযায়ী জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য অ্যাডভোকেট রেজাউল ইসলাম ভূঁইয়া তাকে সরাসরি মামলা ও জেল খাটানোর যে হুমকি দিয়েছেন, তা অত্যন্ত অনভিপ্রেত ও মোড়লগিরির শামিল। প্রকাশিত কোনো সংবাদ নিয়ে কারও আপত্তি বা মতপার্থক্য থাকলে তা আইনি কিংবা প্রেস কাউন্সিলের মতো নিয়মতান্ত্রিক উপায়ে সমাধান করা যেত। কিন্তু তা না করে ক্ষমতার দাপট দেখিয়ে সংবাদকর্মীকে জেলে পাঠানোর হুমকি দেওয়া বেআইনি এবং স্বাধীন গণমাধ্যমের কণ্ঠরোধ করার অপচেষ্টা।
বিবৃতিতে আরও বলা হয়, সাংবাদিকরা কোনো প্রতিপক্ষের শত্রু নন; তারা সমাজ ও রাষ্ট্রের অসঙ্গতি তুলে ধরে জনগণের তথ্য পাওয়ার অধিকার নিশ্চিত করেন। ভয়ভীতি দেখিয়ে সত্যানুসন্ধানী সাংবাদিকতা স্তব্ধ করা যাবে না।
বাসাজ নেতৃবৃন্দ অবিলম্বে এই অভিযোগের একটি সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্তের মাধ্যমে প্রকৃত ঘটনা উদঘাটন এবং প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানান। একই সাথে সারা দেশে সাংবাদিকদের পেশাগত সুরক্ষা ও ভীতিহীন কাজের পরিবেশ নিশ্চিত করার তাগিদ দেন।
