সৌদি আরবের সঙ্গে প্রতিরক্ষা চুক্তি রক্ষা এবং ইরানের সঙ্গে সম্পর্ক অটুট রাখা—দুই দিক সামলাতে সতর্ক অবস্থান নিয়েছে পাকিস্তান। ইয়েমেনের হুথি বিদ্রোহীদের হামলা বাড়তে থাকায় একদিকে তেহরানকে তাদের মিত্রদের নিয়ন্ত্রণে রাখার বার্তা দিচ্ছে ইসলামাবাদ, অন্যদিকে সরাসরি সামরিক সংঘাতে জড়ানোর সম্ভাবনাও নাকচ করছে।
ইয়েমেনের হুথি বিদ্রোহীদের ধারাবাহিক হামলায় সৌদি আরবের নিরাপত্তা পরিস্থিতির অবনতি হওয়ায় আঞ্চলিক কূটনীতিতে নতুন চাপ তৈরি হয়েছে। সৌদি আরবের সঙ্গে প্রতিরক্ষা চুক্তিতে আবদ্ধ পাকিস্তান এখন এমন এক পরিস্থিতির মুখোমুখি, যেখানে রিয়াদের নিরাপত্তা নিশ্চিত করার অঙ্গীকার পূরণের পাশাপাশি ইরানের সঙ্গে সংঘাত এড়ানোও জরুরি।
বিজ্ঞাপন
পাকিস্তান কয়েক মাস ধরে দুই ধরনের কূটনৈতিক বার্তা দিয়ে আসছে। একদিকে সৌদি আরবের সার্বভৌমত্ব ও নিরাপত্তা রক্ষায় নিজেদের অঙ্গীকার পুনর্ব্যক্ত করছে ইসলামাবাদ, অন্যদিকে তেহরানকে জানাচ্ছে- পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে গেলে সামরিক পদক্ষেপের চাপ বাড়তে পারে।
সামরিক পদক্ষেপ নিয়ে সতর্ক পাকিস্তান
গত ১০ সেপ্টেম্বর পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র সাজ্জাদ হায়দার খানকে সৌদি আরবের ওপর হুথি হামলার প্রেক্ষাপটে মক্কা প্রতিরক্ষা চুক্তি বাস্তবায়নের বিষয়ে প্রশ্ন করা হয়। জবাবে তিনি জানান, তাৎক্ষণিকভাবে এ ধরনের কোনো পদক্ষেপ নিয়ে আলোচনা চলছে না। তবে প্রয়োজন দেখা দিলে চুক্তি অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।
পাকিস্তান ইরানকে হুথিদের হামলা বন্ধে প্রভাব খাটানোর আহ্বান জানিয়েছে। তবে ইসলামাবাদ প্রকাশ্যে জানায়, এখনই কোনো সামরিক প্রতিক্রিয়ার সিদ্ধান্ত নেওয়া হয়নি। পাকিস্তানের এই অবস্থানের লক্ষ্য হলো, সৌদি আরবকে নিরাপত্তার নিশ্চয়তা দেওয়া, কিন্তু একই সঙ্গে ইয়েমেনের সংঘাতে সরাসরি জড়িয়ে পড়ার ঝুঁকি এড়িয়ে চলা।
মক্কা প্রতিরক্ষা চুক্তি ঘিরে তৎপরতা
গত ২৫ সেপ্টেম্বর জাতিসংঘের সাধারণ পরিষদে দেওয়া বক্তব্যে পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ বলেন, মক্কা ও মদিনার নিরাপত্তার জন্য হুমকি সৃষ্টি করা হলে তা পাকিস্তানের কাছে ‘রেড লাইন’ হিসেবে বিবেচিত হবে।
একই দিনে পাকিস্তানের সেনাপ্রধান ফিল্ড মার্শাল আসিম মুনির সৌদি প্রতিরক্ষামন্ত্রী প্রিন্স খালিদ বিন সালমানের সঙ্গে রিয়াদে বৈঠক করেন। সেখানে গোয়েন্দা তথ্য বিনিময়, সামরিক সমন্বয় এবং প্রতিরক্ষা সক্ষমতা একীভূত করার বিষয়ে আলোচনা হয়।
পরে ৫ অক্টোবর সৌদি আরবে পাকিস্তান, তুরস্ক ও সৌদি আরবের প্রতিনিধিদের বৈঠকের পর পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী খাজা আসিফ জানান, ইসলামাবাদ ও আঙ্কারা সহায়ক ভূমিকায় রয়েছে। পাকিস্তান গোয়েন্দা নজরদারি ও তথ্য সংগ্রহের কাজে যুক্ত থাকলেও সরাসরি লড়াই করছে সৌদি বাহিনী।
তবে পাকিস্তানের এই সহায়তা ঠিক কোন এলাকায় পরিচালিত হচ্ছে, কী ধরনের সরঞ্জাম ব্যবহার করা হচ্ছে কিংবা কতজন সেনা মোতায়েন রয়েছে—এসব বিষয়ে বিস্তারিত জানানো হয়নি।
ইরানের আপত্তি, হুথিদের হুঁশিয়ারি
পাকিস্তানের সামরিক সহযোগিতার খবর সামনে আসার পর ইরান উদ্বেগ প্রকাশ করেছে। ৪ অক্টোবর ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘাই বলেন, সৌদি আরবে পাকিস্তান ও তুরস্কের সেনা মোতায়েনের খবর সত্য না হলেই তেহরান স্বস্তি পাবে।
পরবর্তী সময়ে ইরানের রাষ্ট্রীয় সংবাদমাধ্যমে আরো কঠোর প্রতিক্রিয়া দেখা যায়। দেশটির তাসনিম সংবাদ সংস্থা পাকিস্তান ও তুরস্ককে সৌদি আরবের যুদ্ধে যোগ দেওয়ার অভিযোগে সংবাদ প্রকাশ করে।
তেহরানভিত্তিক বিশ্লেষক জাভাদ হেইরান-নিয়া মনে করেন, সৌদি ভূখণ্ড রক্ষায় প্রতিরক্ষামূলক সহযোগিতা ইরান মেনে নিতে পারে। কিন্তু হুথিদের বিরুদ্ধে সরাসরি আক্রমণাত্মক সামরিক পদক্ষেপকে তেহরান সীমারেখা হিসেবে বিবেচনা করে।
এদিকে হুথি কর্মকর্তা মোহাম্মদ আল-বুখাইতি পাকিস্তান ও তুরস্ক সৌদি আরবকে সামরিক সহায়তা দিতে সরাসরি যুদ্ধে জড়ালে পাল্টা পদক্ষেপ নেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন। তবে এখন পর্যন্ত হুথিদের বক্তব্যে এমন ধারণাই দেখা যাচ্ছে যে, পাকিস্তান ও তুরস্ক সরাসরি যুদ্ধে অংশ নেবে না।
ইরানকে রাজনৈতিক সমাধানের প্রস্তাব দেওয়ার চেষ্টা
পাকিস্তান শুধু সামরিক সহযোগিতার বার্তা দিচ্ছে না, কূটনৈতিক সমাধানের পথও খোলা রাখতে চাইছে। গত ২ অক্টোবর পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দার জানান, জাতিসংঘের অধিবেশনের ফাঁকে ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান ও পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচির সঙ্গে আলোচনায় তিনি সৌদি আরবের সঙ্গে প্রতিরক্ষা চুক্তির বিষয়টি তুলে ধরেছেন।
দারের ভাষ্য অনুযায়ী, ইরান হুথিদের সঙ্গে রাজনৈতিক আলোচনার মাধ্যমে সমস্যা সমাধানের একটি ধারণা সামনে এনেছে। তবে এটি ছিল দুই পররাষ্ট্রমন্ত্রীর মধ্যে প্রাথমিক আলোচনা; কোনো লিখিত প্রস্তাব নয়।
পাকিস্তানের দাবি, ইরানের নেতারাও হুথিদের সঙ্গে বিরোধের অবসান চান। তেহরান এ বক্তব্যের বিষয়ে প্রকাশ্যে আপত্তি জানায়নি।
এর আগেও পাকিস্তান একই ধরনের ভারসাম্য রক্ষার চেষ্টা করেছে। গত মার্চে ইসহাক দার জানিয়েছিলেন, সৌদি আরবের প্রতি পাকিস্তানের প্রতিরক্ষা অঙ্গীকারের কথা তিনি ইরানের পররাষ্ট্রমন্ত্রীকে স্মরণ করিয়ে দিয়েছিলেন। জবাবে ইরান আশ্বাস চেয়েছিল, সৌদি ভূখণ্ড যেন তেহরানের বিরুদ্ধে হামলা চালানোর কাজে ব্যবহার না করা হয়।
কঠিন ভারসাম্যের মুখে ইসলামাবাদ
সৌদি আরবের সঙ্গে পাকিস্তানের সম্পর্ক শুধু সামরিক সহযোগিতায় সীমাবদ্ধ নয়; দেশটির অর্থনীতি সৌদি আর্থিক সহায়তা ও প্রবাসী পাকিস্তানিদের পাঠানো রেমিট্যান্সের ওপরও নির্ভরশীল। অন্যদিকে, ইরানের সঙ্গে সরাসরি সংঘাতে জড়িয়ে পড়লে আঞ্চলিক নিরাপত্তা ও পাকিস্তানের অভ্যন্তরীণ রাজনীতিতে নতুন জটিলতা তৈরি হতে পারে।
বিশ্লেষকদের মতে, ইসলামাবাদের সামনে এখন তিনটি গুরুত্বপূর্ণ লক্ষ্য—সৌদি আরবের নিরাপত্তা রক্ষা, ইরানের সঙ্গে কূটনৈতিক যোগাযোগ বজায় রাখা এবং ইয়েমেনের যুদ্ধে সরাসরি জড়িয়ে পড়া এড়ানো।
তবে হুথিদের হামলা অব্যাহত থাকলে সৌদি আরবের ওপর পাকিস্তানের সামরিক সহায়তা বাড়ানোর চাপও বাড়তে পারে। সে ক্ষেত্রে ইসলামাবাদ কতটা প্রতিরক্ষামূলক সহযোগিতায় সীমাবদ্ধ থাকতে পারবে, আর কতটা সরাসরি সংঘাতে জড়িয়ে পড়বে—তা নির্ভর করবে পরিস্থিতির পরবর্তী গতিপথের ওপর।
সৌদি আরবের সঙ্গে প্রতিরক্ষা অঙ্গীকার এবং ইরানের সঙ্গে সম্পর্ক—দুইয়ের মধ্যে ভারসাম্য বজায় রাখার পাকিস্তানের এই প্রচেষ্টা তাই এখন মধ্যপ্রাচ্যের ক্রমবর্ধমান সংকটের অন্যতম গুরুত্বপূর্ণ কূটনৈতিক দিক হয়ে উঠেছে।
সূত্র: রয়টার্স ও এনডিটিভি
