‘নিরাপদ সড়ক সমৃদ্ধ দেশ, সবার আগে বাংলাদেশ’—এই প্রতিপাদ্যকে সামনে রেখে জাতীয় নিরাপদ সড়ক দিবস-২০২৬ উপলক্ষে মাসব্যাপী কর্মসূচির অংশ হিসেবে বিআরটিএ ঢাকা মেট্রো-৪ সার্কেলের আয়োজনে শিক্ষার্থীদের মধ্যে সড়ক নিরাপত্তা ও সচেতনতা বাড়াতে বসুন্ধরা পাবলিক স্কুল এন্ড কলেজে সচেতনতামূলক কর্মশালা অনুষ্ঠিত হয়।
উক্ত কর্মশালায় শিক্ষার্থীদের নিরাপদে রাস্তা পারাপারের নিয়ম, ফুটপাত ও জেব্রা ক্রসিংয়ের যথাযথ ব্যবহার, গণপরিবহণে যাত্রী হিসেবে করণীয়, চালক ও পথচারীদের দায়িত্ব ও কর্তব্য, যাত্রী হিসেবে করণীয় এবং পথচারী হিসেবে পালনীয় বিষয়গুলো তুলে ধরা হয়। সড়ক দুর্ঘটনা কমাতে শুধু চালক নয়, পথচারী ও যাত্রীদেরও দায়িত্বশীল হওয়া, ট্রাফিক আইন মেনে চলা এবং সড়কে সকলের দায়িত্বশীল আচরণের ওপর গুরুত্ব দেওয়া হয়। পাশাপাশি সড়কের নিরাপদ নকশা ও ব্যবস্থাপনা, ট্রাফিক আইন বাস্তবায়ন এবং সড়ক ব্যবহারকারীদের পারস্পরিক শ্রদ্ধাবোধ ও সচেতনতার মাধ্যমে দুর্ঘটনা হ্রাসের বিভিন্ন দিক তুলে ধরা হয়।
বক্তারা উল্লেখ করেন যে, নিরাপদ সড়ক শুধু অবকাঠামো বা আইন প্রয়োগের বিষয় নয়; এটি আমাদের প্রত্যেকের দায়িত্ব, সচেতনতা ও দায়িত্বশীল আচরণের সম্মিলিত প্রতিফলন। এই উপলব্ধি শিক্ষার্থীদের মাধ্যমে নাগরিক জীবনে ছড়িয়ে দিতে বিশেষ গুরুত্ব দেওয়া হয়। কারণ, আজকের সচেতন শিক্ষার্থী আগামী দিনের দায়িত্বশীল নাগরিক।
শিক্ষার্থীদের মধ্যে সড়ক নিরাপত্তাবিষয়ক জ্ঞান, সচেতনতা ও দায়িত্ববোধ বিকাশের মাধ্যমে দুর্ঘটনা প্রতিরোধে ইতিবাচক পরিবর্তন আনা সম্ভব। পরিবার, শিক্ষাপ্রতিষ্ঠান, প্রশাসন, আইন প্রয়োগকারী সংস্থা এবং সংশ্লিষ্ট সকলের সম্মিলিত প্রচেষ্টায় গড়ে উঠবে নিরাপদ সড়ক। এছাড়াও শিক্ষার্থীরা নিরাপদ সড়ক বিষয়ে তাদের ভাবনা উক্ত কর্মশালায় উপস্থাপন করেন। পাশাপাশি বিআরটিএর পক্ষ হতে বিভিন্ন সচেতনতামূলক লিফলেট বিতরণ ও ভিডিও প্রদর্শন করা হয়।
অনুষ্ঠানে নিরাপদ সড়ক ব্যবহার ও সচেতনতা বৃদ্ধি বিষয়ে পার্থ সারথি দাস, পরিবহন বিশ্লেষক ও নির্বাহী পরিচালক, রোড সেফটি এলায়েন্স বাংলাদেশ; ট্রাফিক সাইন সিগন্যাল বিষয়ে মো. কামাল উদ্দিন, পুলিশ পরিদর্শক, গুলশান ট্রাফিক বিভাগ; নিরাপদ সড়কের গুরুত্ব, সড়ক দুর্ঘটনায় কারণ ও প্রতিকার বিষয়ে তন্ময় কুমার ধর, সহকারী পরিচালক (ইঞ্জি.), বিআরটিএ ঢাকা মেট্রো-৪ সার্কেল ও অধ্যাপক মো. জাহাঙ্গীর আলম, ভারপ্রাপ্ত অধ্যক্ষ, বসুন্ধরা পাবলিক স্কুল এন্ড কলেজ শিক্ষার্থীদের উদ্দেশ্য আলোচনা করেন।