Published on
:
1 min read
এই সময়, মালদা: রাতভর নিখোঁজ থাকার পরে বাড়ি থেকে ঢিল ছোড়া দূরত্বে রক্তাক্ত অবস্থায় উদ্ধার হলো বিজেপির বুথ সভাপতির ছেলের দেহ। ঘটনায় খুনের অভিযোগ দায়ের করেছেন মৃত যুবকের পরিবার। সোমবার সকালে ঘটনাটি ঘটেছে গাজোল থানার বাবুপুর গ্রাম পঞ্চায়েতের সিংঘল এলাকায়।
খবর পেয়ে মালদার অতিরিক্ত পুলিশ সুপার কুণাল বারনাবাস গাজোল থানার বিশাল পুলিশ বাহিনী নিয়ে এলাকায় যান। মৃতের নাম বিপ্লব মুর্মু (২২)। তাঁর বাবা বাবুপুর অঞ্চল কমিটির বিজেপির বুথ সভাপতি মাঝি মুর্মু। মালদার পুলিশ সুপার অনুপম সিং জানিয়েছেন, মৃত্যুর প্রকৃত কারণ ময়না-তদন্তের রিপোর্টের পরেই পরিষ্কার হবে। তবে অভিযোগের পরিপ্রেক্ষিতে পুরো ঘটনাটি নিয়ে তদন্ত শুরু করা হয়েছে।
রবিবার সন্ধ্যায় ফোন পেয়ে বাড়ি থেকে বেরিয়েছিলেন বিপ্লব। আর বাড়ি ফিরে আসেননি। তাঁকে ফোনে পাওয়া যায়নি। এ দিন সকালে বাড়ি থেকে ঢিল ছোড়া দূরত্বে এক প্রতিবেশীর মুরগি, ছাগলের খামার ঘরের বাইরে কাদামাখা রক্তাক্ত অবস্থায় যুবকের দেহ উদ্ধার হয়।
মাঝি বলেন, 'আমার ছেলেকে গত কয়েক মাস ধরে এলাকারই এক তরুণী মানসিক ভাবে নির্যাতন করছিল। ওই তরুণীর পাল্লায় পড়ে আমার ছেলে বিগড়ে গিয়েছিল।' পুলিশ জানিয়েছে, প্রাথমিক ভাবে মনে করা হচ্ছে ত্রিকোণ প্রেমের কারণেই এই খুন।