টাঙ্গাইলে ২৮০০ সনাতন ধর্মাবলম্বীকে প্রতিমন্ত্রী টুকুর দুর্গাপূজার উপহার
-
খবরপত্র ডেস্ক: - আপডেট সময় ০৮:১০:৩৮ পূর্বাহ্ন, শনিবার, ১৭ অক্টোবর ২০২৬
শারদীয় দুর্গাপূজা উপলক্ষে ব্যক্তিগত অর্থায়নে টাঙ্গাইলের ২ হাজার ৮০০ গরিব ও দুস্থ সনাতন ধর্মাবলম্বীর মধ্যে শাড়ি, পাঞ্জাবি ও নগদ অর্থ উপহার দিয়েছেন মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী এবং টাঙ্গাইল-৫ (সদর) আসনের সংসদ সদস্য সুলতান সালাউদ্দিন টুকু।
উপহার হিসেবে ২ হাজার ৫০০ নারী-পুরুষের মধ্যে শাড়ি ও পাঞ্জাবি বিতরণ করা হয়। এছাড়া হরিজন সম্প্রদায়ের ৩০০ জনের প্রত্যেককে ২ হাজার টাকা করে নগদ অর্থ প্রদান করা হয়। শুক্রবার টাঙ্গাইলের শ্রী শ্রী কালীবাড়ি প্রাঙ্গণে উপহার বিতরণের মধ্য দিয়ে এ কার্যক্রমের আনুষ্ঠানিক সূচনা হয়। পরে দিনব্যাপী সদর উপজেলার পোড়াবাড়ি ও সদুল্যাপুরসহ বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করেন প্রতিমন্ত্রী। এ সময় তিনি সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে শারদীয় শুভেচ্ছা বিনিময় করেন এবং উপহারসামগ্রী বিতরণ করেন।
উপহার বিতরণ অনুষ্ঠানে প্রতিমন্ত্রী টুকু বলেন, আনন্দ সবার সঙ্গে ভাগাভাগি করে নিতে ঈদের সময় ইসলাম ধর্মাবলম্বীদের মধ্যে সরকারি বরাদ্দের পাশাপাশি আমি ব্যক্তিগত অর্থায়নেও উপহার দিয়েছি। সেই ধারাবাহিকতায় এবার আপনাদের জন্য উপহারের ব্যবস্থা করা হয়েছে।
সনাতন ধর্মাবলম্বীদের নিরাপত্তার বিষয়টি সরকার সর্বোচ্চ গুরুত্ব দিয়ে দেখছে জানিয়ে তিনি বলেন, ভয়ভীতির কোনো কারণ নেই। সবাই নির্বিঘ্নে ও উৎসবমুখর পরিবেশে দুর্গাপূজা উদযাপন করবেন। এ বিষয়ে ইতোমধ্যে প্রধানমন্ত্রী সারা দেশে দলীয় নেতাকর্মীদের প্রয়োজনীয় নির্দেশনা দিয়েছেন।
প্রতিমন্ত্রী বলেন, বাংলাদেশে সংখ্যাগুরু বা সংখ্যালঘু বলে কিছু নেই, আমরা সবাই বাংলাদেশি। সুতরাং দেশের উন্নয়নে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।
অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন- হিন্দুধর্মীয় কল্যাণ ট্রাস্টের ট্রাস্টি শ্যামল হোড়, টাঙ্গাইল জেলা বিএনপির সাবেক সদস্য সচিব মাহমুদুল হক সানু, সদর উপজেলা নির্বাহী অফিসার শাহীন মিয়া এবং অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) এইচ. এম. মাহবুব রেজওয়ান সিদ্দিকী।
এ সময় টাঙ্গাইল জেলা পূজা উদযাপন ফ্রন্টের সভাপতি অমল ব্যানার্জি, শ্রী শ্রী কালীবাড়ির সভাপতি স্বপন ঘোষ ও সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা জীবন কৃষ্ণ চৌধুরী, জেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক শফিকুর রহমান খান শফিকসহ বিএনপি ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
ট্যাগস :
জনপ্রিয় সংবাদ
