গাজীপুরের কাশিমপুরে সুপ্রিম গার্মেন্টসের ভেতরে থাকা একটি কার্টুন কারখানায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। ফায়ার সার্ভিসের ৯টি ইউনিটের প্রায় সাড়ে তিন ঘণ্টার প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। এ ঘটনায় এখন পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।
আজ শনিবার সকাল সাড়ে ১০টার দিকে গাজীপুর মহানগরীর কাশিমপুর থানার শৈলডুবী এলাকায় এ আগুনের সূত্রপাত হয়। পরে দুপুর ১টা ৫০ মিনিটের দিকে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয় ফায়ার সার্ভিস।
ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তরের মিডিয়া সেলের কর্মকর্তা তালহা বিন জসিম জানান, শনিবার সকালে গাজীপুরের কাশিমপুর এলাকায় একটি পোশাক কারখানার ভেতরে থাকা কার্টুন কারখানায় আগুন লাগে। খবর পেয়ে প্রথমে কাশিমপুর মিনি ফায়ার সার্ভিস স্টেশনের দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে।
পরিস্থিতির অবনতি হলে পরে সারাবো, ডিবিএল ও মডার্ন ফায়ার সার্ভিস স্টেশন থেকে আরও ইউনিট ঘটনাস্থলে যোগ দেয়। সব মিলিয়ে ফায়ার সার্ভিসের নয়টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করে।
কাশিমপুর ফায়ার সার্ভিসের কর্মকর্তা আরিফুল ইসলাম বলেন, আগুনে কারখানার ভেতরে থাকা কার্টুন ও পোশাক তৈরির সুতা পুড়ে গেছে। আগুন লাগার কারণ এখনো জানা যায়নি। এ ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। আগুন পুরোপুরি নির্বাপণের পর ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যাবে।
রিপোর্ট : এটিএন নিউজ/সা.সি
