প্রধানমন্ত্রী তারেক রহমানের অঙ্গীকার বাস্তবায়নের লক্ষ্যে ময়মনসিংহের ফুলবাড়িয়া উপজেলায় ফ্যামিলি কার্ড কর্মসূচির তথ্য সংগ্রহ কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে।
সোমবার (১২ অক্টোবর) উপজেলার ১২ নম্বর আছিম পাটুলী ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের বাঁশদী ও তিতারচালা গ্রামে এ কার্যক্রমের উদ্বোধন ঘোষণা করেন ময়মনসিংহ দক্ষিণ জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ও ফুলবাড়িয়া উপজেলা বিএনপির আহ্বায়ক আখতারুল আলম ফারুক।
এ সময় উপস্থিত ছিলেন- উপজেলা সমাজসেবা কর্মকর্তা মোজাম্মেল হক, উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক, সাবেক চেয়ারম্যান, শাহীনুর মল্লিক জীবন, ১২ নম্বর আছিম পাটুলী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ইমরুল কায়েস, বিএনপি নেতা ইসাহাক, মহিলা দলের সাধারণ সম্পাদক, তাসলিমা নাসরিনসহ বিএনপির নেতা ও স্থানীয় উপকারভোগীরা উপস্থিত ছিলেন।
ফ্যামিলি কার্ড কর্মসূচির তথ্য সংগ্রহ কার্যক্রমের মাধ্যমে সংশ্লিষ্ট পরিবারগুলোর প্রয়োজনীয় তথ্য সংগ্রহ করা হবে। এর মাধ্যমে কর্মসূচির আওতাভুক্ত পরিবারগুলোর তথ্য যাচাই ও পরবর্তী কার্যক্রম এগিয়ে নেওয়ার প্রক্রিয়া শুরু হয়েছে।
এ বিষয়ে ফুলবাড়িয়া উপজেলা সমাজসেবা কর্মকর্তা মোজাম্মেল হক বলেন, আমাদের ফুলবাড়িয়ায় পরীক্ষামূলকভাবে ৩ ইউনিয়নে ফ্যামিলি কার্ড কার্যক্রম শুরু হয়েছে। ইউনিয়ন ৩টি হলো- আছিম পাটুলী ইউনিয়ন, এনায়েতপুর ইউনিয়ন, বালিয়ান ইউনিয়ন।
আগামীকাল থেকে ৩টি ইউনিয়নে ৩ জন সুপারভাইজার ও ৪ জন করে তথ্য সংগ্রহকারী মোট ১২ জন তথ্য সংগ্রহকারী কাজ শুরু করবেন বলে জানান।
তিনি আরও বলেন, ফ্যামিলি কার্ড সবাই পাবে, তবে পর্যায়ক্রমে। পরিবারের নারী প্রধান এই কার্ড পাবেন। প্রথম পাবে সমাজের দুস্থ, গরিব, এতিম ও প্রতিবন্ধীরা। পরবর্তীতে একটু সচ্ছলরাও ফ্যামিলি কার্ড পাবেন।
