কিশোরগঞ্জের কটিয়াদীতে প্রয়াত ওয়ার্ড বিএনপি সভাপতি মো. সাইফুল ইসলামের বিধবা স্ত্রীকে স্বাবলম্বী করে তোলার লক্ষ্যে সেলাই মেশিন উপহার দিয়েছে উপজেলা জামায়াতে ইসলামী।
মঙ্গলবার (১৩ অক্টোবর) বিকালে উপজেলার বনগ্রাম ইউনিয়নের উত্তর জামষাইট গ্রামের প্রয়াত সাইফুল ইসলামের বাড়িতে গিয়ে তাঁর স্ত্রীর হাতে সেলাই মেশিনটি তুলে দেন জামায়াতের স্থানীয় নেতারা।
এ সময় উপস্থিত ছিলেন কটিয়াদী উপজেলা জামায়াতের সেক্রেটারি মাওলানা মাহমুদুল হাসান, বনগ্রাম ইউনিয়ন জামায়াতের সভাপতি অধ্যাপক মাওলানা আবু ইছা, ইউনিয়ন প্রচার সেক্রেটারি হাফিজুর রহমান, ওয়ার্ড জামায়াতের সভাপতি মাওলানা মো. ইদ্রিস আলী, পেশাজীবী ইউনিয়নের সভাপতি মো. কামাল উদ্দিন, বিশিষ্ট সমাজসেবক চেরাগ আলী ও মো. মিজানুর রহমানসহ স্থানীয় নেতারা।
জানা গেছে, প্রয়াত মো. সাইফুল ইসলাম বনগ্রাম ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি ছিলেন। তাঁর মৃত্যুর পর পরিবারের আর্থিক সংকট মোকাবিলা এবং তাঁর স্ত্রীর জীবিকা নির্বাহের পথ তৈরি করতে সেলাই মেশিন উপহার দেওয়ার উদ্যোগ নেয় জামায়াতে ইসলামী। সেলাই মেশিন প্রদান শেষে প্রয়াত ওয়ার্ড বিএনপি সভাপতি মো. সাইফুল ইসলামের রুহের মাগফিরাত কামনায় দোয়া করা হয়।
প্রয়াত ওয়ার্ড বিএনপি সভাপতি মো. সাইফুল ইসলামের স্ত্রী ঝুমা আক্তার বলেন, “আমার স্বামী বিএনপির ওয়ার্ড সভাপতি ছিলেন। আমরা বিএনপির রাজনৈতিক পরিবারের হলেও জামায়াতে ইসলামী দল-মতের ঊর্ধ্বে উঠে আমার পাশে দাঁড়িয়েছে এবং আমাকে একটি সেলাই মেশিন উপহার দিয়েছে। আমার তিনটি মেয়ে রয়েছে। এমন সহযোগিতা আমার পরিবারের জন্য অনেক বড় প্রাপ্তি। মানুষের বিপদে পাশে দাঁড়ানোর ক্ষেত্রে কোনো দলীয় ভেদাভেদ থাকা উচিত নয়। জামায়াতে ইসলামীর এই মানবিক উদ্যোগের জন্য আমি তাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি।”
