জামালপুরের দেওয়ানগঞ্জে মাদ্রাসাছাত্রীকে ধর্ষণের মামলায় মো. মুসামিয়া ওরফে মুসা হুজুর নামে এক মসজিদের ইমামকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাকে পাঁচ লাখ টাকা জরিমানা করা হয়েছে। জরিমানার অর্থ ভুক্তভোগীকে ক্ষতিপূরণ হিসেবে দেওয়ার নির্দেশ দিয়েছেন আদালত।
রোববার দুপুরে জামালপুর নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-১-এর বিচারক মুহাম্মদ আব্দুর রহিম এ রায় ঘোষণা করেন।
দণ্ডপ্রাপ্ত মুছা মিয়া গাইবান্ধা জেলার ফুলছরি থানার হরিচন্ডি গ্রামের মোঃ মনিরুল ইসলামের সন্তান।
নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুন্যালের পিপি এডভোকেট ফজলুল হক জানান, ২০২০ সালের ২৮ নভেম্বর সকালে দেওয়ানগঞ্জ উপজেলার সানন্দবাড়ী মণ্ডলপাড়ার একটি মসজিদ-সংলগ্ন মাদ্রাসায় এ ঘটনা ঘটে। অভিযুক্ত মুসা হুজুর ওই মসজিদ ও মাদ্রাসার ইমাম হিসেবে দায়িত্ব পালন করতেন। পড়া শেষে অন্য শিক্ষার্থীরা চলে যাওয়ার পর এক ছাত্রীকে আটকে রেখে ধর্ষণের অভিযোগ ওঠে তার বিরুদ্ধে।
এ ঘটনায় দেওয়ানগঞ্জ থানায় মামলা হয়। বিচার চলাকালে রাষ্ট্রপক্ষ আদালতে ১০ জন সাক্ষী উপস্থাপন করে। সাক্ষ্য-প্রমাণ ও যুক্তিতর্ক শেষে অভিযোগ সন্দেহাতীতভাবে প্রমাণিত হওয়ায় আদালত আসামিকে যাবজ্জীবন কারাদণ্ড দেন।
