ছবির ক্যাপশন: .
বিশেষ সংবাদদাতা :
ঢাকা-৩ (কেরানীগঞ্জ আংশিক) আসনে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ১৬ হাজার ৫৫৩ ভোটের ব্যবধানে জয় পেয়েছেন বিএনপির প্রার্থী বাবু গয়েশ্বর চন্দ্র রায়। ধানের শীষ প্রতীকে তিনি পেয়েছেন ৯৮ হাজার ৭৮৫ ভোট। প্রথমবারের মতো তিনি সংসদ সদস্য নির্বাচিত হলেন। একই সঙ্গে এ আসনে অনুষ্ঠিত গণভোটে ‘হ্যাঁ’ ভোট সংখ্যাগরিষ্ঠতা পেয়েছে।
বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) রাতে কেরানীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী রিটার্নিং কর্মকর্তা মো. উমর ফারুক স্বাক্ষরিত প্রাথমিক বেসরকারি ফলাফল থেকে এ তথ্য জানা গেছে।
ফলাফল অনুযায়ী, গয়েশ্বর চন্দ্র রায়ের নিকটতম প্রতিদ্বন্দ্বী ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামির প্রার্থী অধ্যক্ষ শাহিনুর ইসলাম (দাঁড়িপাল্লা)। তিনি পেয়েছেন ৮২ হাজার ২৩২ ভোট।
এ ছাড়া ইসলামী আন্দোলন বাংলাদেশর প্রার্থী মো. সুলতান আহম্মদ খান (হাতপাখা) পেয়েছেন ৬ হাজার ২৪৫ ভোট। জাতীয় পার্টির প্রার্থী মো. ফারুক (লাঙ্গল) পেয়েছেন ১ হাজার ৭০ ভোট।
বাংলাদেশ সমাজতান্ত্রিক দল (বাসদ)র প্রার্থী মজিবুর হাওলাদার (মই) পেয়েছেন ১৯৬ ভোট। গণফোরামর প্রার্থী মুহাম্মদ রওশন ইয়াজদানী (উদীয়মান সূর্য) পেয়েছেন ১৭৪ ভোট। বাংলাদেশ কংগ্রেসর প্রার্থী মোহাম্মদ জাফর (ডাব) পেয়েছেন ১৫০ ভোট। গণসংহতি আন্দোলনর প্রার্থী মো. বাচ্চু ভুইয়া (মাথাল) পেয়েছেন ৩৭৮ ভোট। গণ অধিকার পরিষদর প্রার্থী মো. সাজ্জাদ (ট্রাক) পেয়েছেন ৯৬ ভোট। স্বতন্ত্র প্রার্থী মো. মনির হোসেন (ফুটবল) পেয়েছেন ৩১০ ভোট।
নির্বাচন সংশ্লিষ্ট তথ্য অনুযায়ী, এ আসনে মোট ভোটার ৩ লাখ ৬২ হাজার ১৫৯ জন। এর মধ্যে ১ লাখ ৯৩ হাজার ২৭৮ জন ভোট দেন। বাতিল হয় ৩ হাজার ৬৪২টি ভোট।
একই আসনে অনুষ্ঠিত গণভোটে মোট ১ লাখ ৯৪ হাজার ৭১২টি ভোট পড়ে, যা সংসদ নির্বাচনের চেয়ে ১ হাজার ৪৩৪টি বেশি। গণভোটে ‘হ্যাঁ’ ভোট পড়ে ১ লাখ ৩৭ হাজার ৪৭টি। ‘না’ ভোট পেয়েছে ৪৪ হাজার ৬৩৭টি। বাতিল হয়েছে ১৩ হাজার ২৮টি ভোট।
গণভোটে ভোটসংখ্যা বেশি হওয়ার বিষয়ে সহকারী রিটার্নিং কর্মকর্তা মো. উমর ফারুক বলেন, কেউ কেউ ভোট দিয়ে ব্যালট পেপার বাক্সে না ফেলে সঙ্গে নিয়ে যেতে পারেন। এতে দুই ভোটের মধ্যে সামান্য তারতম্য দেখা যেতে পারে বলে ধারণা করা হচ্ছে।
