বোয়ালমারীতে বাসা থেকে ব্র্যাক কর্মকর্তার মরদেহ উদ্ধার
আলফাডাঙ্গা (ফরিদপুর) প্রতিনিধি
- আপডেট সময় : ০৩:৪০:৩৬ অপরাহ্ন, রবিবার, ১৮ অক্টোবর ২০২৬ ১০ বার পড়া হয়েছে
দৈনিক গনমুক্তি অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি
ফরিদপুরের বোয়ালমারী উপজেলার ময়েনদিয়া এলাকার শ্রীনগরে একটি ভাড়া বাসা থেকে অলিপ বিশ্বাস (৩৫) নামে ব্র্যাকের এক হিসাবরক্ষণ কর্মকর্তার ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। গতকাল শনিবার (১৭ অক্টোবর) সকালে স্থানীয়দের সহায়তায় বাসার দরজা ভেঙে তাঁর মরদেহ দেখতে পান সহকর্মী।
নিহত অলিপ বিশ্বাস মাগুরা জেলার শালিখা উপজেলার সোনাডাঙা গ্রামের বাসিন্দা। তাঁর বাবার নাম মিলন বিশ্বাস। তিনি বোয়ালমারী উপজেলার পরমেশ্বরদী ইউনিয়নের জয়পাশা শাখায় ব্র্যাকের হিসাবরক্ষক হিসেবে কর্মরত ছিলেন। প্রায় ১০ মাস আগে তিনি ওই প্রতিষ্ঠানে যোগ দেন। ময়েনদিয়ার শ্রীনগর এলাকায় সীতানাথ সাহার বাড়িতে ভাড়া থাকতেন তিনি।
স্থানীয় সূত্রে জানা যায়, ওই বাড়িতে অলিপের সঙ্গে ব্র্যাকের আরেক কর্মকর্তা ভাড়া থাকতেন। শুক্রবার ছুটিতে ওই সহকর্মী বাড়ি চলে গেলে অলিপ বাসায় একা ছিলেন। শনিবার সকালে সহকর্মী ফিরে এসে ঘরের দরজা বন্ধ দেখতে পান। ডাকাডাকি করেও কোনো সাড়া না পেয়ে স্থানীয়দের সহায়তায় দরজা ভেঙে ভেতরে প্রবেশ করেন। এ সময় অলিপের ঝুলন্ত মরদেহ দেখতে পান তাঁরা। পরে বিষয়টি বোয়ালমারী থানা পুলিশকে জানানো হয়।
পুলিশ সূত্রে জানা গেছে, ঘটনাস্থলে একটি চিরকুট পাওয়া গেছে। সেখানে অলিপ অনলাইন গেমে আসক্তির কথা উল্লেখ করে পরিবারের সদস্যদের কাছে ক্ষমা চেয়েছেন বলে জানা গেছে।
বোয়ালমারী থানার তদন্ত কর্মকর্তা মো. সাঈদুর রহমান জানান, প্রাথমিকভাবে অনলাইন গেমে আসক্তির বিষয়টি সামনে এসেছে। তবে কী কারণে এ ঘটনা ঘটেছে, তা নিশ্চিত হতে তদন্ত করা হবে।
এ ঘটনায় এলাকায় ও তার নিজ এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
