বাংলাদেশের হিসাব ও অর্থ পেশাজীবীদের আন্তর্জাতিক শ্রমবাজারে কর্মসংস্থানের সুযোগ বাড়াতে তিন বছর মেয়াদি সমঝোতা স্মারক স্বাক্ষর করেছে ইনস্টিটিউট অব কস্ট অ্যান্ড ম্যানেজমেন্ট অ্যাকাউন্ট্যান্টস অব বাংলাদেশ (আইসিএমএবি) এবং বৈশ্বিক অ্যাকাউন্টিং বিপিও ও ব্যবসায়িক প্রবৃদ্ধি পরামর্শক প্রতিষ্ঠান de tempête। প্রাথমিকভাবে সংযুক্ত আরব আমিরাত (ইউএই), সৌদি আরবসহ উপসাগরীয় সহযোগিতা সংস্থার (জিসিসি) সদস্য দেশগুলোর শ্রমবাজারকে লক্ষ্য করে এ উদ্যোগ নেওয়া হয়েছে।
সম্প্রতি ঢাকায় আইসিএমএবির প্রেসিডেন্ট মো. কাওসার আলম এফসিএমএ এবং de tempête-এর প্রতিষ্ঠাতা ও প্রধান নির্বাহী মোহসেনা খানম এফসিসিএ সমঝোতা স্মারকে স্বাক্ষর করেন।
এ সমঝোতার আওতায় আইসিএমএবির সদস্য, অ্যাফিলিয়েট ও শিক্ষার্থীদের আন্তর্জাতিক কর্মজীবনের জন্য প্রস্তুত করতে ক্যারিয়ার কাউন্সেলিং, বাজারভিত্তিক প্রশিক্ষণ, পেশাগত দক্ষতা উন্নয়ন এবং নিয়োগ-সমন্বয়ের উদ্যোগ নেওয়া হবে। পাশাপাশি পেশাগত শিক্ষার সঙ্গে আন্তর্জাতিক কর্মক্ষেত্রের চাহিদার সমন্বয় ঘটানোর ওপর গুরুত্ব দেওয়া হবে।
পরিকল্পিত কর্মসূচির মধ্যে রয়েছে করব্যবস্থা, মূল্য সংযোজন কর (ভ্যাট), মানি লন্ডারিং প্রতিরোধ, কমপ্লায়েন্স, অ্যাকাউন্টিং ও আর্থিক প্রতিবেদনবিষয়ক কর্মশালা, ওয়েবিনার এবং দেশভিত্তিক প্রশিক্ষণ কোর্স। এ ছাড়া জীবনবৃত্তান্ত (সিভি) তৈরি, চাকরির সাক্ষাৎকারের প্রস্তুতি, পেশাগত নেটওয়ার্কিং এবং সংশ্লিষ্ট দেশের কর্মপরিবেশ সম্পর্কে ধারণা দেওয়ার কার্যক্রমও থাকবে।
আইসিএমএবির প্রেসিডেন্ট মো. কাওসার আলম বলেন, আন্তর্জাতিক কর্মজীবনের জন্য সদস্য ও শিক্ষার্থীদের প্রস্তুত করতে কারিগরি দক্ষতার পাশাপাশি সংশ্লিষ্ট দেশের কর্মপরিবেশ সম্পর্কে ধারণা থাকা জরুরি। এ সহযোগিতা উপসাগরীয় অঞ্চলে পেশাগত সুযোগ গ্রহণে তাদের আত্মবিশ্বাস বাড়াতে সহায়তা করবে।
de tempête-এর প্রতিষ্ঠাতা ও প্রধান নির্বাহী মোহসেনা খানম বলেন, ব্যবহারিক প্রশিক্ষণ, স্থানীয় শ্রমবাজার সম্পর্কে ধারণা এবং পেশাগত যোগাযোগের মাধ্যমে বাংলাদেশের হিসাব পেশাজীবীদের আন্তর্জাতিক কর্মক্ষেত্রের জন্য প্রস্তুত করাই এ উদ্যোগের লক্ষ্য।
অনুষ্ঠানে আইসিএমএবির ভাইস প্রেসিডেন্ট আবদুল মতিন পাটোয়ারী এফসিএমএ ও এস এম জহির উদ্দিন হায়দার এফসিএমএ, নির্বাহী পরিচালক মো. মাহবুব-উল-আলম, সহকারী পরিচালক মো. শাকিল আহমেদ এবং সেক্রেটারি মঞ্জুর মো. শাইফুল আজম এফসিএমএ উপস্থিত ছিলেন। de tempête-এর পক্ষে উপস্থিত ছিলেন প্রতিষ্ঠানটির পরিচালক ও প্রধান কৌশল কর্মকর্তা (সিএসও) হানিয়াম মারিয়া চৌধুরী এবং অপারেশনস ম্যানেজার আরিফুর রহমান।
২০১৭ সালে প্রতিষ্ঠিত de tempête ইউএই, যুক্তরাজ্য, সৌদি আরব, এস্তোনিয়া, যুক্তরাষ্ট্র ও বাংলাদেশে কার্যক্রম পরিচালনা করছে। প্রতিষ্ঠানটি ২৪টির বেশি খাতের গ্রাহকদের অ্যাকাউন্টিং আউটসোর্সিং, কর ও ভ্যাট পরামর্শ, অ্যান্টি-মানি লন্ডারিং (এএমএল) কমপ্লায়েন্স, মানবসম্পদ ব্যবস্থাপনা (এইচআর) ও পে-রোলসহ বিভিন্ন সেবা দিয়ে থাকে।
