কালবেলা · দেশ
দেশে প্রথমবারের মতো সিরাজগঞ্জে ‘চর উৎসব’ অনুষ্ঠিত
২৫/১০/২০২৬

সিরাজগঞ্জে দেশের প্রথম ‘চর উৎসব’ অনুষ্ঠিত হয়েছে। যমুনা নদীতে নৌভ্রমণ, চরাঞ্চলের প্রাকৃতিক সৌন্দর্য, গ্রামীণ জীবনযাত্রা ও স্থানীয় সংস্কৃতিকে পর্যটনের আকর্ষণ হিসেবে তুলে ধরা এবং বিচ্ছিন্ন জনপদের মানুষের সঙ্গে শহরের মানুষের যোগাযোগ বাড়ানোর লক্ষ্য নিয়ে এ আয়োজন করা হয়।
শুক্রবার (২৩ অক্টোবর) সদর উপজেলার মেছড়া ইউনিয়নের চরাঞ্চলে দিনব্যাপী উৎসবের আয়োজন করে সমবায় ও সামাজিক সংগঠন ‘সমধারা’। ইভেন্ট পার্টনার ছিল পর্যটন উদ্যোগ ‘স্মার্ট ট্যুরিজম’।
উৎসবে শহরের বহু পরিবার, বিশেষ করে শিশুদের অংশগ্রহণ ছিল চোখে পড়ার মতো। আয়োজনে ছিল যমুনায় নৌভ্রমণ, ঘুড়ি উৎসব, বাউলসংগীত এবং সিরাজগঞ্জের ঐতিহ্যবাহী খাবার পিটুলি পরিবেশন। শিশুদের মধ্যে ঘুড়ি ও খাবার বিতরণ করা হয়। সাজসজ্জায় ব্যবহার করা হয় সিরাজগঞ্জের ভৌগোলিক নির্দেশক (জিআই) পণ্য গামছা।
সমধারার সভাপতি আব্দুল্লাহ আল সাফি বলেন, ‘চরের নিজস্ব সংস্কৃতি, ঐতিহ্য ও প্রাকৃতিক সৌন্দর্যের পাশাপাশি পর্যটনের বিপুল সম্ভাবনা রয়েছে। চর উৎসবের মাধ্যমে সেই সম্ভাবনা তুলে ধরা এবং নতুন প্রজন্মকে চরের জীবন ও ঐতিহ্যের সঙ্গে পরিচিত করাই এ আয়োজনের উদ্দেশ্য।’
সমধারার সাধারণ সম্পাদক প্রতীক মাহমুদ বলেন, ‘চরাঞ্চলের মানুষের জীবন, সংস্কৃতি ও সম্ভাবনাকে সবার সামনে তুলে ধরার পাশাপাশি শহরের মানুষের সঙ্গে তাদের সম্পর্ক আরও দৃঢ় করাই এ উৎসবের লক্ষ্য।’
স্মার্ট ট্যুরিজমের প্রতিষ্ঠাতা মো. আসলাম উদ্দিন বলেন, ‘চরাঞ্চলকে দেশের পর্যটনের নতুন গন্তব্য হিসেবে পরিচিত করতে এ ধরনের আয়োজন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।’
উৎসবে সিরাজগঞ্জ সরকারি কলেজের হিসাববিজ্ঞান বিভাগের চেয়ারম্যান জহুরুল ইসলাম বাবু, লেখক-সংগঠক শ্যামলী খান, কবি শামীমা আফরোজ হ্যাপি, লেখক সুরাইয়া ইসলাম, উদ্যোক্তা শামীমা সুলতানা সাথী, সমধারার কোষাধ্যক্ষ বাবলা বাশার, ব্যবসায়ী এনামুল প্রবালসহ স্থানীয় গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।
মূল প্রতিবেদনে যান ↗