বাংলাদেশের কৃষি, বাণিজ্য, অর্থনৈতিক সংস্কার ও বেসরকারি খাতের উন্নয়নে চারটি উদ্যোগে ৪ কোটি ৫০ লাখ কানাডীয় ডলার অনুদান ঘোষণা করেছে কানাডা। বাংলাদেশি মুদ্রায় এর পরিমাণ প্রায় ৩৯০ কোটি টাকা।
ঢাকাস্থ কানাডীয় হাইকমিশন রোববার এ তথ্য জানিয়েছে। ১১ থেকে ১৪ অক্টোবর বাংলাদেশ সফরকালে কানাডার আন্তর্জাতিক উন্নয়নবিষয়ক প্রতিমন্ত্রী রণদীপ সারাই এ অনুদানের ঘোষণা দেন।
ঘোষিত অর্থের মধ্যে বায়োএন্টারপ্রাইজ কানাডা এবং কোওয়াটার ইন্টারন্যাশনাল প্রত্যেকে ১ কোটি ৮০ লাখ কানাডীয় ডলার পাবে। কৃষি উদ্ভাবন ও খাদ্যনিরাপত্তা জোরদার করা হবে বায়োএন্টারপ্রাইজ কানাডার উদ্যোগের মূল লক্ষ্য। অন্যদিকে, কোওয়াটার ইন্টারন্যাশনাল বাংলাদেশের ব্যবসায়িক পরিবেশ উন্নয়ন, নিয়ন্ত্রণব্যবস্থা সহজ করা এবং আন্তর্জাতিক বাজারে প্রবেশের সুযোগ বাড়াতে কাজ করবে।
এ ছাড়া অর্থনৈতিক ও প্রাতিষ্ঠানিক সংস্কারে সহায়তার জন্য বিশ্বব্যাংককে দেওয়া হবে ৫০ লাখ কানাডীয় ডলার। বেসরকারি খাতের বিকাশ এবং ব্যবসাপ্রতিষ্ঠানের অর্থায়নের সুযোগ সম্প্রসারণে আন্তর্জাতিক ফাইন্যান্স করপোরেশন (আইএফসি) পাবে ৪০ লাখ কানাডীয় ডলার।
সফরকালে প্রতিমন্ত্রী সারাই বাংলাদেশের সরকারের ঊর্ধ্বতন কর্মকর্তা, উন্নয়ন সহযোগী ও বেসরকারি খাতের প্রতিনিধিদের সঙ্গে বৈঠক করেন। আলোচনায় কৃষি, স্বাস্থ্য, শিক্ষা, দক্ষতা উন্নয়ন, জ্বালানি, জলবায়ু অর্থায়ন এবং বাংলাদেশ ও কানাডার মধ্যে বাণিজ্য ও বিনিয়োগ সম্প্রসারণের বিষয় গুরুত্ব পায়।
তিনি ঢাকায় ব্র্যাকের দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণকেন্দ্র এবং আইসিডিডিআর,বি হাসপাতাল পরিদর্শন করেন। পাশাপাশি কক্সবাজারে রোহিঙ্গা শরণার্থী ও আশ্রয়দাতা জনগোষ্ঠীর জন্য কানাডার সহায়তায় পরিচালিত কার্যক্রম এবং কৃষি গবেষণা উদ্যোগ ঘুরে দেখেন।
কানাডার তথ্য অনুযায়ী, বাংলাদেশের স্বাধীনতার পর থেকে দেশটিকে ৬৩০ কোটি কানাডীয় ডলারেরও বেশি উন্নয়ন সহায়তা দেওয়া হয়েছে। দুই দেশের মধ্যে বাণিজ্য ও বিনিয়োগ সহযোগিতা সম্প্রসারণের ধারাবাহিকতায় নতুন অনুদান ঘোষণা করা হয়েছে।
নতুন এই চার উদ্যোগের মাধ্যমে বাংলাদেশের কৃষি উৎপাদন, ব্যবসায়িক পরিবেশ, অর্থনৈতিক সংস্কার এবং বেসরকারি খাতের বিকাশে সহায়তা দেওয়ার পাশাপাশি দুই দেশের অর্থনৈতিক সম্পর্ক আরও জোরদার করার লক্ষ্য নেওয়া হয়েছে।
The post বাংলাদেশে বিনিয়োগের জন্য চার প্রতিষ্ঠানকে ৩৯০ কোটি টাকা দিচ্ছে কানাডা appeared first on ভোরের চেতনা.
