চট্টগ্রামে বাংলাদেশ ক্ষুদ্র ও কুটির শিল্প করপোরেশনের (বিসিক) চাকরিমেলায় তাৎক্ষণিকভাবে ৩২৩ জনের নিয়োগ হয়েছে। মঙ্গলবার আগ্রাবাদের ওয়ার্ল্ড ট্রেড সেন্টারে আয়োজিত এ মেলায় প্রায় পাঁচ হাজার চাকরিপ্রার্থী অংশ নেন। ৩৭টি প্রতিষ্ঠানের প্রায় ২ হাজার ২০০টি শূন্য পদের বিপরীতে জমা পড়ে ৩ হাজার ১৪৭টি জীবনবৃত্তান্ত ও চাকরির আবেদন।
মেলায় চাকরিপ্রার্থীরা বিভিন্ন প্রতিষ্ঠানের প্রতিনিধিদের সঙ্গে সরাসরি কথা বলা, জীবনবৃত্তান্ত জমা দেওয়া এবং নিজেদের যোগ্যতা তুলে ধরার সুযোগ পান। অংশ নেওয়া প্রতিষ্ঠানগুলোর মধ্যে রয়েছে ওষুধ, খাদ্য ও পোশাকশিল্পসহ বিভিন্ন খাতের প্রতিষ্ঠান।
বিসিকের চেয়ারম্যান বেনজীর আহমেদ বলেন, চাকরিপ্রার্থী ও নিয়োগদাতা প্রতিষ্ঠানের মধ্যে সরাসরি সংযোগ তৈরি করাই এ আয়োজনের অন্যতম উদ্দেশ্য। আগামী ডিসেম্বরে আরও বড় পরিসরে চাকরিমেলার আয়োজনের পরিকল্পনা রয়েছে। সেখানে আরও বেশি প্রতিষ্ঠানকে সম্পৃক্ত করে কর্মসংস্থানের সুযোগ বাড়ানোর চেষ্টা করা হবে।
দেশে বিসিকের ৮৪টি শিল্পনগরী রয়েছে জানিয়ে বেনজীর আহমেদ বলেন, এসব শিল্পনগরীতে কর্মসংস্থান সৃষ্টি ও উদ্যোক্তা বিকাশের সুযোগ রয়েছে। বিশ্ববাজারে প্রতিযোগিতায় টিকে থাকতে তরুণদের দক্ষতা বাড়ানোর পাশাপাশি শিল্পের সক্ষমতা বৃদ্ধি ও নতুন উদ্যোক্তা তৈরিতে গুরুত্ব দিতে হবে।
চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের (চউক) চেয়ারম্যান প্রকৌশলী বেলায়েত হোসেন বলেন, বেকারত্ব কমাতে চাকরিপ্রার্থী ও নিয়োগদাতাদের মধ্যে সংযোগ তৈরির এ উদ্যোগ প্রশংসনীয়। কর্মসংস্থান সৃষ্টি ও শিল্পের বিকাশে বিসিকের সঙ্গে সমন্বয় করে কাজ করার সুযোগ রয়েছে।
চট্টগ্রাম চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সভাপতি মোহাম্মদ আমিরুল হক বলেন, শিল্পের চাহিদা অনুযায়ী দক্ষ জনবল তৈরি এবং তরুণদের কর্মসংস্থানে এ ধরনের আয়োজন গুরুত্বপূর্ণ। বিশ্ববাজারের সঙ্গে তাল মেলাতে কর্মক্ষেত্রের উপযোগী দক্ষতা অর্জন করতে হবে।
চট্টগ্রাম উইমেন চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির ভারপ্রাপ্ত সভাপতি লুৎমিলা ফরিদ বলেন, চাকরিপ্রার্থীদের দক্ষতা ও নিয়োগদাতা প্রতিষ্ঠানের চাহিদার মধ্যে সমন্বয় থাকা জরুরি। প্রয়োজনীয় দক্ষতার অভাবে অনেক যোগ্য প্রার্থী উপযুক্ত চাকরি পান না। নতুন প্রযুক্তির সঙ্গে তাল মেলাতে তরুণদের সময়োপযোগী প্রশিক্ষণ প্রয়োজন।
বিসিকের চট্টগ্রাম আঞ্চলিক কার্যালয়ের পরিচালক খালেদ মাহমুদ বলেন, এ মেলার লক্ষ্য শুধু চাকরির সুযোগ তৈরি নয়, উদ্যোক্তা সৃষ্টি ও তাঁদের দক্ষতা উন্নয়নেও সহায়তা করা।
মেলায় অংশ নেওয়া প্রতিষ্ঠানগুলোর মধ্যে রয়েছে ফার্মিক ল্যাবরেটরিজ লিমিটেড ও ফার্মিক গ্রুপ, কনসট প্লেক্সিপ্যাক লিমিটেড, বিএসপি ফুড, মেরিডিয়ান ফুডস, রিলায়েন্স ফ্যাশন ইন্ডাস্ট্রিজ (প্রা.) লিমিটেড, হোমল্যান্ড কেমিক্যাল, এইচ কবির অ্যাপারেলস ও ওয়েল ফুডস অ্যান্ড বেভারিজসহ মোট ৩৭টি প্রতিষ্ঠান।
The post বিসিকের চাকরিমেলায় ৩২৩ জনের তাৎক্ষণিক নিয়োগ appeared first on সুপ্রভাত বাংলাদেশ.
