বাগেরহাটের মোরেলগঞ্জে আসন্ন ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনকে সামনে রেখে গ্রামীণ জনপদে সরগরম পরিস্থিতি বিরাজ করছে। সম্ভাব্য প্রার্থীরা ভোটারদের দ্বারে দ্বারে গিয়ে কুশল বিনিময়ের পাশাপাশি অনানুষ্ঠানিকভাবে প্রচার-প্রচারণাও চালিয়ে যাচ্ছেন। এখন কেবল নির্বাচন কমিশনের তফসিল ঘোষণার অপেক্ষা।
এরই অংশ হিসেবে রোববার সন্ধ্যায় মোরেলগঞ্জ প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করে বারইখালী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদে দলীয় মনোনয়ন প্রত্যাশার কথা ঘোষণা করেছেন ইউনিয়ন বিএনপির সভাপতি ও বর্তমান চেয়ারম্যান পদপ্রার্থী মো. গোলাম রসুল বাবুল। এ সময় তিনি সংবাদমাধ্যমের উপস্থিতিতে তাঁর আনুষ্ঠানিক প্রচার-প্রচারণা শুরু করেন।
সংবাদ সম্মেলনে বিএনপি নেতা গোলাম রসুল বাবুল ঘোষণা করেন, দলীয় নেতাকর্মী ও সাধারণ ভোটাররা তাকে ভোট দিয়ে নির্বাচিত করলে ইউনিয়নবাসীকে একটি আধুনিক ‘মডেল ইউনিয়ন’ উপহার দেওয়া হবে। এছাড়া দীর্ঘদিন ধরে উন্নয়নবঞ্চিত ওয়ার্ডগুলোর যোগাযোগব্যবস্থার উন্নয়নে রাস্তাঘাট, পুল, কালভার্ট ও সেতু নির্মাণের উদ্যোগ নেওয়া হবে। পাশাপাশি বেকার যুবসমাজকে প্রশিক্ষণের মাধ্যমে উদ্যোক্তা হিসেবে গড়ে তুলে তাদের আত্মকর্মসংস্থানের সুযোগ সৃষ্টির প্রতিশ্রুতি দেন তিনি।
তিনি আরও উল্লেখ করেন, ২০০৩ সাল থেকে এ পর্যন্ত দুইবার দলীয় প্রার্থী হিসেবে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করেছেন। এবারও দলীয় মনোনয়ন পেয়ে নির্বাচনী মাঠে থাকার দৃঢ় প্রত্যাশা ব্যক্ত করে তিনি বলেন, দলের দুঃসময়ে তিনি সবসময় তৃণমূলের নেতাকর্মীদের পাশে থেকে সাধ্যমতো সহযোগিতা করে গেছেন। সাধারণ মানুষের সুখে-দুঃখে সবসময় পাশে থাকার কারণে ভোটাররা তাকে ভোট দিয়ে বিজয়ী করবেন বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।
সংবাদ সম্মেলনে এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন বারইখালী ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক মাস্টার জাহিদুল ইসলাম, সহসাধারণ সম্পাদক মশিউর রহমান, প্রচার সম্পাদক তাজিরুল ইসলাম খান, ওয়ার্ড সভাপতি মো. বারেক শরিফ, রেজাউল করিম নিয়াজ, মহারাজ হোসেন দুলুসহ স্থানীয় বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠন যুবদল, ছাত্রদল, শ্রমিক দল ও স্বেচ্ছাসেবক দলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।
আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন
