আন্তর্জাতিক ডেস্ক
সৌদি আরবের বিভিন্ন বিমানবন্দর, তেল স্থাপনা ও সামরিক ঘাঁটি লক্ষ্য করে সাতটি হামলা চালানোর দাবি করেছে ইয়েমেনের হুতি গোষ্ঠী। এদিকে মক্কা ও মদিনা অঞ্চলের দিকে ছোড়া দুটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র প্রতিহত করার কথা জানিয়েছে সৌদি আরবের সিভিল ডিফেন্স। ক্ষেপণাস্ত্রের কিছু ধ্বংসাবশেষ মক্কাসহ বিভিন্ন এলাকায় পড়েছে।
হুতিদের এক বিবৃতিতে বলা হয়, সৌদি আরবের গুরুত্বপূর্ণ কয়েকটি স্থাপনা ছিল তাদের অভিযানের লক্ষ্যবস্তু। এর মধ্যে রয়েছে রাজধানী রিয়াদের কিং খালিদ বিমানবন্দর, ইয়ানবুতে সৌদি আরামকোর স্থাপনা, রাবিগ তেল শোধনাগার এবং অপরিশোধিত তেল পরিবহনের পাইপলাইন ও পাম্পিং স্টেশন।
এ ছাড়া দাম্মামের কিং ফাহদ আন্তর্জাতিক বিমানবন্দর, নাজরান বিমানবন্দর ও খামিস মুশাইত বিমানঘাঁটিকেও লক্ষ্যবস্তু করার দাবি করেছে গোষ্ঠীটি। তেল পরিবহনের পাইপলাইন ও পাম্পিং স্টেশন লক্ষ্য করে চালানো অভিযান সফল হয়েছে বলেও দাবি তাদের।
অন্যদিকে, সৌদি আরবের সিভিল ডিফেন্স জানিয়েছে, মক্কা ও মদিনা অঞ্চলের দিকে ছোড়া দুটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র প্রতিহত করা হয়েছে। এ ঘটনায় সংশ্লিষ্ট এলাকায় জরুরি নিরাপত্তাব্যবস্থা কার্যকর করা হয়।
কর্তৃপক্ষের তথ্য অনুযায়ী, ক্ষেপণাস্ত্র প্রতিহত করার পর সেগুলোর কিছু অংশ মক্কার ওয়াদি আল মুগাম্মাস এলাকায় পড়ে। এ ছাড়া জেদ্দার আল নুজহা এলাকা, তায়েফের ওয়াদি জলিল এবং রাবিগের মাস্তুরাহ এলাকাতেও ধ্বংসাবশেষের খণ্ড পড়ার খবর পাওয়া গেছে।
তবে বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, মক্কা ও মদিনাকে লক্ষ্য করে হামলা চালানোর অভিযোগ অস্বীকার করেছে হুতি গোষ্ঠী। তাদের দাবি, সৌদি আরবের তেল স্থাপনা ও সামরিক ঘাঁটিগুলোই ছিল অভিযানের লক্ষ্য।
সূত্র: খালিজ টাইমস, রয়টার্স
