শাহজালাল ইসলামী ব্যাংকের সাবেক চেয়ারম্যান সাজ্জাতুজ জুম্মাকে গ্রেপ্তার করেছে পুলিশ। একটি মামলায় সাজাপ্রাপ্ত আসামি হিসেবে তাঁর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা থাকায় তাঁকে গ্রেপ্তার করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।
শুক্রবার (১৬ অক্টোবর) বিকেল সাড়ে ৪টার দিকে রাজধানীর গুলশানের একটি রেস্তোরাঁ থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়। গুলশান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু জায়েদ মো. নাজমুন নুর এ তথ্য নিশ্চিত করেছেন।
ওসি জানান, সাজ্জাতুজ জুম্মার বিরুদ্ধে একটি মামলায় গ্রেপ্তারি পরোয়ানা ছিল। সেই পরোয়ানার ভিত্তিতে তাঁকে গ্রেপ্তার করা হয়। পরে তাঁকে আদালতে পাঠানো হয়েছে।
পুলিশের তথ্য অনুযায়ী, সাজ্জাতুজ জুম্মা ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংকের দিলকুশা শাখার একজন বিনিয়োগ গ্রাহক ছিলেন। ঋণখেলাপির অভিযোগে ২০১৪ সালের ২৭ এপ্রিল ব্যাংক কর্তৃপক্ষ তাঁর বিরুদ্ধে মামলা করে। ওই মামলায় আদালত তাঁকে এক বছরের কারাদণ্ড ও তিন কোটি টাকা জরিমানা করেন।
পুলিশ আরও জানায়, ২০২৫ সালের ১৬ আগস্ট গুলশান থানা পুলিশ তাঁকে একই মামলায় গ্রেপ্তার করে আদালতে পাঠিয়েছিল। সাজ্জাতুজ জুম্মা শাহজালাল ইসলামী ব্যাংকের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ছিলেন। তবে ঋণখেলাপির কারণে পরবর্তী সময়ে তাঁকে ব্যাংকটির পরিচালনা পর্ষদ থেকে সরিয়ে দেওয়া হয়।
The post শাহজালাল ইসলামী ব্যাংকের সাবেক চেয়ারম্যান গ্রেপ্তার appeared first on ভোরের চেতনা.
