রাজনৈতিক পটপরিবর্তনের পর অনেকটাই কাজ শূন্য হয়ে পড়েছেন জনপ্রিয় মডেল-অভিনেত্রী সোহানা সাবা। তবে অভিনয় থেকে দূরে থাকলেও সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক ও ইনস্টাগ্রাম সরব আছেন জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত এই অভিনেত্রী। শুধু তাই নয়, বিভিন্ন সমস্যার সমাধান ও অনুরাগীদের নিয়মিত টিপস দিতেও দেখা যায় তাকে।
এবার রহস্যময় একটি ভিডিও পোস্ট করে সাবা লিখেছেন, ‘রাজনৈতিকভাবে ফাঁসানো একজন ব্যক্তির জীবন’।
ক্যাপশনের মাধ্যমে ধারণা করা হয় নিজের বর্তমান পরিস্থিতি সম্পর্কে এই বার্তা দিয়েছেন তিনি।
জানা যায়, আজ সোমবার (১৯ অক্টোবর) সোহানা সাবার ছেলের জন্মদিন। আর বিশেষ এদিনে আদালতে হাজিরা দিতে গিয়ে নিজের আক্ষেপের কথাই তুলে ধরেছেন সোশ্যাল মিডিয়ায়। আজ সকালে জুলাই-সংক্রান্ত একটি মামলায় হাজিরা দিতে জজ কোর্টে যান সোহানা সাবা। সেখানে একটি ভিডিওবার্তায় ছেলের জন্মদিনে আদালতে আসতে হওয়ায় নিজের হতাশার কথা তুলে ধরেন। ভিডিও বার্তায় সোহানা সাবা জানান, আজ তার একমাত্র ছেলের জন্মদিন। এমন একটি বিশেষ দিনে ছেলেকে সময় দেওয়ার পরিবর্তে নিজের সব পরিকল্পনা বাদ দিয়ে আদালতে হাজিরা দিতে হয়েছে তাকে।
এ ছাড়া পোস্টের ক্যাপশনে সমালোচকদের উদ্দেশে ক্ষোভ প্রকাশ করেন সোহানা সাবা। তাদের সমালোচনা করতে গিয়ে ‘অক্ষত’, ‘ফেকু প্রোফাইল’ ও ‘বিদেশে বসে দেশ উদ্ধার’র মতো শব্দ ব্যবহার করেছেন তিনি। একই সঙ্গে সমালোচকদের চেহারা ও মানসিকতা নিয়েও মন্তব্য করেন। ছেলের জন্মদিনে আদালতে হাজিরা এবং নিজেকে রাজনৈতিকভাবে ফাঁসানো ব্যক্তি হিসেবে উল্লেখ করে দেওয়া সোহানা সাবার এই ভিডিওবার্তা সামাজিক যোগাযোগমাধ্যমে আলোচনার বিষয় হয়েছে।
