অভিনেত্রী দিলারা জামান, তানিয়া বৃষ্টি ও আবিদ বিন প্রান্তকে নিয়ে নির্মাণ হয়েছে নাটক ‘দাদীর আদর’। জুলফিকার ইসলাম শিশিরের রচনা ও পরিচালনায় নাটকটি আগামীকাল ইউটিউবে প্রকাশ হবে। তানিয়া বৃষ্টির অসুস্থতার আগে অভিনীত এটিই তার সর্বশেষ নাটক।
অভিনেত্রী দিলারা জামানের সঙ্গে এর আগে বেশ কয়েকটি নাটকে অভিনয় করেছেন তানিয়া বৃষ্টি। দাদীর আদর নাটকের মধ্য দিয়ে প্রথমবার তার সঙ্গে অভিনয় করেছেন আবিদ বিন প্রান্ত। নাটকটিতে প্রান্তের দাদির চরিত্রে দেখা যাবে দিলারা জামানকে।
দীর্ঘ অভিনয় জীবনে বহুবার দাদির চরিত্রে অভিনয় করেছেন তিনি। কিছুদিন আগে ‘দাদী ভয়ংকর’ নামের একটি নাটকেও একই চরিত্রে অভিনয় করেছেন দিলারা।
তার সঙ্গে কাজের অভিজ্ঞতা নিয়ে তানিয়া বৃষ্টিও উচ্ছ্বসিত। অভিনয় অঙ্গনে দিলারা জামানকে অভিভাবক মনে করেন তিনি। তার সঙ্গে প্রতি কাজেই স্নেহ ও ভালোবাসা পেয়েছেন বৃষ্টি। অভিনয়ের নানা দিক শেখার ক্ষেত্রেও দিলারা জামানের কাছ থেকে অনেক কিছু জানার রয়েছে বলে মনে করেন তিনি। দাদীর আদর নাটকটি নিয়েও আশাবাদী বৃষ্টি।
আবিদ বিন প্রান্ত জানান, তানিয়া বৃষ্টির অসুস্থ হওয়ার আগে এটি তার অভিনীত প্রথম নাটক। এর আগে তুহিন হোসেনের পরিচালনায় ‘জয়িতার দিনরাত্রি’ নাটকে বৃষ্টির সঙ্গে অভিনয় করেছিলেন তিনি। নাটকটি দর্শকের মধ্যে সাড়া ফেলেছিল। দাদীর আদর নাটকে কাজের সুযোগ পেয়ে পরিচালক জুলফিকার ইসলাম শিশিরের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন প্রান্ত।
