তরুণ নির্মাতা ইশতিয়াক আহমেদ জিহাদের প্রথম সিনেমা ‘সাঁকোটা দুলছে’ (দ্য ব্লাইন্ড গার্ল অ্যান্ড অ্যান এলিফ্যান্ট)। জুনে সাংহাই আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে অংশ নিয়ে পুরস্কার জিতে নেয় এটি। এবার একই সময়ে দুটি আন্তর্জাতিক উৎসবে জায়গা করে নিলো সিনেমাটি।
আরও পড়ুন
পোল্যান্ডের ‘এনার্গাক্যামেরিমেজ’ উৎসব ও মিশরের ৪৭তম কায়রো আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে নির্বাচিত হয়েছে ‘সাঁকোটা দুলছে’। এর মধ্যে পোল্যান্ডের উৎসবে সেরা পরিচালক ও সেরা চিত্রগ্রাহক বিভাগে মনোনয়ন পেয়েছেন ইশতিয়াক ও সামিউল করিম সুপ্তক। ৭ নভেম্বর শুরু হয়ে উৎসবটি চলবে ১৪ নভেম্বর পর্যন্ত।
আর কায়রো উৎসবে সিনেমাটি জায়গা করে নিয়েছে ‘ইন্টারন্যাশনাল ক্রিটিকস উইক কম্পিটিশন’ বিভাগে। সেখানে শাদি আব্দেল সালাম অ্যাওয়ার্ড ফর বেস্ট ফিল্ম এবং ফ্যাদি ফারাগ অ্যাওয়ার্ড-স্পেশাল জুরি প্রাইজের জন্য লড়বে বাংলাদেশের সিনেমাটি। এই উৎসব চলবে ১১ থেকে ২০ নভেম্বর।

দুটি গুরুত্বপূর্ণ উৎসবের একাধিক বিভাগে নির্বাচিত হওয়ায় উচ্ছ্বাস প্রকাশ করেছেন ‘সাঁকোটা দুলছে’ সিনেমার নির্মাতা ইশতিয়াক। এর মধ্য দিয়ে দেশের গল্প ও নির্মাণের আবেদন বিশ্ব দরবারে পৌঁছে যাবে বলেও প্রত্যাশা তার।
সিনেমাটি প্রযোজনা করেছে বাংলাদেশের মনপাচিত্র ও জার্মানির মগাদোর ফিল্ম। সাদাকালোয় নির্মিত ‘সাঁকোটা দুলছে’-এর দৃশ্য বিন্যাস, আলো-ছায়ার ব্যবহার, স্থির ও দীর্ঘ শট এবং গ্রামীণ জীবনের প্রতি নিবিড় পর্যবেক্ষণ চলচ্চিত্রটির স্বতন্ত্র দৃশ্যভাষা নির্মাণে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে।
বাংলাদেশের গ্রামীণ জনপদে বসবাসরত তিন নারীর জীবন, স্বপ্ন এবং মুক্তির আকাঙ্ক্ষার গল্প ‘সাঁকোটা দুলছে’। কুসংস্কার, ধর্মীয় রক্ষণশীলতা, পুরুষতান্ত্রিক সামাজিক কাঠামো ও নানা বিধিনিষেধের মধ্যে নিজেদের মতো করে বাঁচার পথ খোঁজে তারা।

সিনেমাটির বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন সানজিদা আক্তার স্বর্ণা, তাহমিদা রহমান তৌহিদা, সুমাইয়া আক্তার, মুনসিফ মিম, অশোক বেপারী, পঙ্কজ পালিত, রবিউস সানিসহ আরও অনেকে।
কেআই
