আইপিএলে চেন্নাই সুপার কিংস ও সানরাইজার্স হায়দরাবাদ দুই প্রতিদ্বন্দ্বী দল। তবে মাঠের বাইরের এক সম্পর্কে মিলিত হচ্ছে দুই ফ্র্যাঞ্চাইজির নাম। চেন্নাই সুপার কিংসের পাঁড় ভক্ত সংগীত পরিচালক অনিরুদ্ধ রবিচন্দরকে বিয়ে করতে যাচ্ছেন সানরাইজার্স হায়দরাবাদের প্রধান নির্বাহী কাব্য মারান। আগামী ২১ নভেম্বর চেন্নাইয়ে তাদের বিয়ের সংবর্ধনা অনুষ্ঠান হওয়ার কথা।
অনিরুদ্ধ রবিচন্দর দক্ষিণ ভারতীয় সিনেমার জনপ্রিয় সংগীত পরিচালক। তিনি মহেন্দ্র সিং ধোনি ও চেন্নাই সুপার কিংসের বড় ভক্ত।
চেন্নাইয়ের ম্যাচে নিয়মিতই বাজে তার গান। অন্যদিকে, কাব্য মারান আইপিএলের অন্যতম আলোচিত মুখ। তিনি সানরাইজার্স হায়দরাবাদের মালিক কালানিধি মারানের মেয়ে এবং ফ্র্যাঞ্চাইজিটির প্রধান নির্বাহী।
সম্প্রতি ভারতের তেলেঙ্গানা রাজ্যের মুখ্যমন্ত্রী এ রেভন্ত রেড্ডির দপ্তরের সামাজিক যোগাযোগমাধ্যমের পোস্টে অনিরুদ্ধ ও কাব্যর বিয়ের তথ্য জানানো হয়।
কালানিধি মারান ও তার স্ত্রী কাভেরি মারান মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা করে মেয়ের বিয়ের সংবর্ধনায় যোগ দেওয়ার আমন্ত্রণ জানান। পোস্টে বলা হয়, ‘সান গ্রুপের চেয়ারম্যান কালানিধি মারান ও তার স্ত্রী কাভেরি মারান জুবিলি হিলসে মুখ্যমন্ত্রীর বাসভবনে তার সঙ্গে দেখা করেন এবং তাদের মেয়ে কাব্য মারানের বিয়ের সংবর্ধনায় মুখ্যমন্ত্রীকে আমন্ত্রণ জানান। কাব্য মারান ও অনিরুদ্ধ রবিচন্দরের বিয়ের সংবর্ধনা ২১ নভেম্বর চেন্নাইয়ে অনুষ্ঠিত হবে।’
ইন্ডিয়ান এক্সপ্রেস, ইন্ডিয়া টুডে, এনডিটিভিসহ কয়েকটি সংবাদমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, ১১ নভেম্বর গ্রিসে অনিরুদ্ধ ও কাব্যর বিয়ে হতে পারে। তবে এ বিষয়ে আনুষ্ঠানিক ঘোষণা এখনো আসেনি।
২০২৫ সালের জুনে সামাজিক যোগাযোগমাধ্যম রেডিটে একটি পোস্ট ছড়িয়ে পড়ে। সেখানে দাবি করা হয়, অনিরুদ্ধ ও কাব্য এক বছরের বেশি সময় ধরে প্রেম করছেন এবং বিয়ের কথাও ভাবছেন।
যুক্তরাষ্ট্রের লাস ভেগাসে দুজনকে একসঙ্গে নৈশভোজে দেখা যাওয়ার পর তাদের সম্পর্ক নিয়ে আলোচনা আরো বাড়ে। যদিও কাব্যর সঙ্গে সম্পর্ককে গুজব বলে উড়িয়ে দিয়েছিলেন অনিরুদ্ধ। তবে এ বছর অনিরুদ্ধর চাচা অভিনেতা ও সংগীতশিল্পী ওয়াই জি মহেন্দ্র এক সাক্ষাৎকারে জানান, অনিরুদ্ধ-কাব্যর বিয়ে হতে চলেছে, তা অনেকটাই নিশ্চিত।
