চট্টগ্রামের পতেঙ্গা কনটেইনার টার্মিনালে (পিসিটি) জাহাজ পরিচালনায় নতুন উৎপাদনশীলতার রেকর্ড গড়েছে আরএসজিটি বাংলাদেশ। প্রতিষ্ঠানটি সিএমএ সিজিএমের জাহাজ এমভি আমুরো পরিচালনাকালে ঘণ্টায় সর্বোচ্চ ৭২ মুভ ও ১২২ টিইইউ কনটেইনার হ্যান্ডলিংয়ের সক্ষমতা অর্জন করেছে।
এর আগে, গত সেপ্টেম্বরে ঘণ্টায় ৫৮ মুভ ও ৮২ টিইইউ কনটেইনার হ্যান্ডলিংয়ের রেকর্ড করেছিল প্রতিষ্ঠানটি। ২০২৬ সালের আগস্টে পিসিটিতে শিপ-টু-শোর (এসটিএস) ক্রেন কার্যক্রম চালুর পর সেটিই ছিল সর্বোচ্চ উৎপাদনশীলতার রেকর্ড।
গত ১৮ অক্টোবর এমভি আমুরো জাহাজ পরিচালনার সময় মাত্র ২১ ঘণ্টায় ১ হাজার ৫২৪টি কনটেইনার হ্যান্ডলিং করা হয়, যা ২ হাজার ৫৭১ টিইইউর সমপরিমাণ। এ অর্জন টার্মিনালের আধুনিক সরঞ্জাম, দক্ষ পরিচালন দল এবং সমন্বিত ব্যবস্থাপনার সক্ষমতার প্রতিফলন বলে জানিয়েছে প্রতিষ্ঠানটি।
জাহাজটির পরিচালন কার্যক্রমে আরএসজিটি বাংলাদেশের সাফল্যের প্রশংসা করেছে সিএমএ সিজিএম কর্তৃপক্ষ। প্রতিষ্ঠানটির মতে, এ অর্জন পরিচালন দক্ষতা বৃদ্ধি, জাহাজের টার্নঅ্যারাউন্ড সময় কমানো এবং আন্তর্জাতিক মানের টার্মিনাল পরিচালনার সক্ষমতা জোরদারে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
বাংলাদেশের প্রথম আন্তর্জাতিক কনটেইনার টার্মিনাল অপারেটর হিসেবে আরএসজিটি বাংলাদেশ পরিচালনগত উৎকর্ষ নিশ্চিত করা, দেশের বন্দর অবকাঠামোর প্রতিযোগিতামূলক সক্ষমতা বৃদ্ধি এবং বৈশ্বিক শিপিং লাইন ও আন্তর্জাতিক বাণিজ্যের ক্রমবর্ধমান চাহিদা পূরণে কাজ করছে।
আরএসজিটি বাংলাদেশের প্রধান পরিচালন কর্মকর্তা নাবিল ইউসুফ বলেন, তাঁদের প্রতি সংশ্লিষ্ট সবার আস্থা ও বিশ্বাসকে প্রতিষ্ঠানটি গভীরভাবে মূল্যায়ন করে। পরিচালন দক্ষতার নতুন মানদণ্ড প্রতিষ্ঠা, বৈশ্বিক মান বজায় রাখা এবং টেকসই প্রবৃদ্ধি নিশ্চিত করার অঙ্গীকারে তাঁরা অবিচল।
তিনি আরও বলেন, বৈশ্বিক মেরিটাইম শিল্পে বাংলাদেশের অবস্থান আরও শক্তিশালী করতে আরএসজিটি বাংলাদেশ কাজ করে যাচ্ছে।
পতেঙ্গা কনটেইনার টার্মিনালে ধারাবাহিক উৎপাদনশীলতা বৃদ্ধির এ অর্জন দেশের বন্দর পরিচালনায় দক্ষতা বাড়ানো এবং আন্তর্জাতিক বাণিজ্যে বাংলাদেশের সক্ষমতা জোরদারের ক্ষেত্রে নতুন সম্ভাবনা তৈরি করবে বলে আশা করছে প্রতিষ্ঠানটি।
The post আরএসজিটি বাংলাদেশের নতুন রেকর্ড: ঘণ্টায় ৭২ মুভ ও ১২২ টিইইউ’স appeared first on ভোরের চেতনা.
